সাক্ষাৎকারে টেলিনরের সিইও জন ফ্রেডরিক বাকসাস
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবায় বিনিয়োগে আগ্রহী টেলিনর
দেশে ব্যাংকিং সেবাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবা দিতে চায় নরওয়ের বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর। টেলিযোগাযোগশিল্পে বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের তথ্য-যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতেও বিনিয়োগে আগ্রহী এ প্রতিষ্ঠান।
বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে এমন ইতিবাচক মনোভাবই ব্যক্ত করলেন দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ঢাকায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিজিটাল বিনিয়োগ সম্মেলন উপলক্ষে তিনি বাংলাদেশ সফরে আসেন।
এ দেশে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন জন ফ্রেডরিক বাকসাস। তিনি বলেন, ‘আমরা এ দেশে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন সেবায় বিনিয়োগে আগ্রহী। সরকারের অনুমোদন পেলে ব্যাংকিং সেবাবঞ্চিত মানুষদের আর্থিক সেবা দিতে চাই। ইতিমধ্যেই পাকিস্তানে আমাদের মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার মডেল অনেক জনপ্রিয় হয়েছে। টেলিযোগাযোগ খাতে অব্যাহত বিনিয়োগের পাশাপাশি বিশ্বের অন্যতম বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারকে আমরা বাংলাদেশের বাজারে নিয়ে এসেছি। অ্যাকসেঞ্চারের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান এ দেশের আইসিটি খাতকে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম করতে পারে।’
আইসিটি খাতে বাংলাদেশের সম্ভাবনা প্রসঙ্গে জন ফ্রেডরিক বাকসাস বলেন, ‘বাংলাদেশ হলো এমন একটি দেশ, যার হাতে রয়েছে বিশাল তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী। এ তরুণ জনগোষ্ঠীর শেখার আগ্রহও অনেক বেশি। প্রযুক্তি খাতে কাজ করতে এ দেশের তরুণদের একটি সহজাত আগ্রহ আমার চোখে পড়েছে, যেটা খুবই ইতিবাচক। এ তরুণ শক্তিকে কাজে লাগাতে প্রয়োজন উপযুক্ত শিক্ষা। এ ক্ষেত্রে বাংলাদেশের মোবাইল অপারেটরদের ভূমিকা রাখার সুযোগ আছে। সে জন্য প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ইতিমধ্যেই গ্রামীণফোন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।’
ডিজিটাল বিনিয়োগ সম্মেলন সম্পর্কে বাকসাস বলেন, দুটি উদ্দেশ্যে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে। একটি হলো তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা। আর আরেকটি উদ্দেশ্য হলো, এ খাতে বাংলাদেশকে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষম করে তোলা। ডিজিটাল সেবাকে ব্যবহার করে এ দেশের মানুষ কীভাবে উপকৃত হতে পারে, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাত কীভাবে এগিয়ে যেতে পারে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেগুলোও ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জন ফ্রেডরিক বাকসাস। আর ইন্টারনেট সেবা বাংলাদেশে যেহেতু মুঠোফোনকেন্দ্রিক তাই টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানে তিনি সরকারের ইতিবাচক ভূমিকা আশা করেন। তিনি বলেন, ‘তরঙ্গ বরাদ্দ, সিম প্রতিস্থাপন করসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো শিগগিরই সমাধান হবে। টেলিযোগাযোগ খাত থেকে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে হলে এ খাতের নীতিগত সমস্যা সমাধানে সমতাভিত্তিক পরিবেশ থাকা জরুরি।’
আইসিটি খাতকে এগিয়ে নিতে সরকার কর অবকাশ সুবিধাসহ নানা প্রণোদনা দিচ্ছে। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে সরকারের কাছে টেলিনর কোনো সুবিধা চায় কি না, এমন এক প্রশ্নের জবাবে বাকসাস বলেন, ‘প্রণোদনার চেয়ে আমাদের বেশি দরকার একটি বিনিয়োগবান্ধব, দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল পরিবেশ। আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কারও প্রতি বৈষম্য না করে সবার জন্য সমান সুযোগ রাখা দরকার।’
এ ছাড়া বাকসাস বলেন, টেলিযোগাযোগসহ আইসিটি খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের জন্য তথ্যপ্রযুক্তিভিত্তিক মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আইসিটি খাতের নিত্যনতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে আর্থিক প্রণোদনা দেওয়া প্রয়োজন।