মুঠোফোনভিত্তিক কৃষিসেবা চালু করল গ্রামীণ ইন্টেল
জমিতে সারের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের জন্য মুঠোফোনভিত্তিক একটি কৃষি তথ্যসেবা চালু করেছে সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান গ্রামীণ ইন্টেল বাংলাদেশ।
সেবাটির নাম দেওয়া হয়েছে ‘কৃষি’। এ সেবার মাধ্যমে একটি নির্দিষ্ট ফসলের জন্য জমিতে কত দিন পরপর কী পরিমাণ সার দিতে হবে, তা জানা যাবে।
রাজধানীর মহাখালীতে গ্রামীণ ইন্টেলের নিজস্ব কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সেবাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হক।
সেবা পেতে কৃষকদের ০৯৬৭৮৮৫৪২৬৬ নম্বরে ফোন করতে হবে। তখন কল সেন্টারের কর্মী নির্দিষ্ট কয়েকটি বিষয়ে তথ্য নেবেন ফোন করা কৃষকের কাছ থেকে। প্রতিষ্ঠানটির তৈরি একটি সফটওয়্যারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে কৃষককে সার ব্যবহারের নির্দিষ্ট মাত্রা, পরিমাণ ও সময় জানিয়ে দেওয়া হবে। উইনমিয়াকি নামের একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় সেবাটি দেবে গ্রামীণ ইন্টেল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ভোলার চরফ্যাশন, বরিশালের উজিরপুর, রাজবাড়ীর বালিয়াকান্দি ও যশোর সদর উপজেলার কৃষকেরা এ সেবা পাবেন।
কাজী হক বলেন, ‘আগামী দুই বছরের মধ্যেই দেশের সব উপজেলার কৃষককে আমরা এ সেবার আওতায় আনার লক্ষ্যে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সাজেদুল হক, মহাব্যবস্থাপক ফখরুল ইসলাম প্রমুখ।