মুঠোফোনে আর্থিক সেবা আরও বাড়াবে টেলিনর

মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবা এখন সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে যাঁরা এর আগে কখনো ব্যাংকের দরজায় দাঁড়াননি, তাঁরাই এখন মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের আর্থিক সেবা নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টাকা পাঠানো। এ ছাড়া নানা ধরনের বিল পরিশোধও করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে।
বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা এখন ৫ কোটি ১৫ লাখ। গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর মনে করে, এ বিপুল পরিমাণ গ্রাহকের জন্য আরও ব্যাপকভাবে আর্থিক সেবা দেওয়ার সুযোগ রয়েছে। কেবল বাংলাদেশই নয়, টেলিনর এশিয়া অঞ্চলেই আরও জোরালোভাবে মোবাইল আর্থিক সেবা নিয়ে কাজ করতে চায়।
টেলিনরের হেড অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস টিনে ওলেবেক বললেন, মূলত টেলিনরের লক্ষ্য হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা দেওয়ার ক্ষেত্রে এশিয়ায় নেতৃত্ব দেওয়া। কথাগুলো তিনি বলছিলেন বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে। বিশ্বের সব মোবাইল অপারেটরদের আন্তর্জাতিক সংগঠন জিএসএম অ্যাসোসিয়েশন এ কংগ্রেসের আয়োজক। সেখানেই টেলিনরের প্যাভিলয়নে ৫ মার্চ
টিনে ওলেবেক কথা বলেন বাংলাদেশ থেকে যাওয়া সাংবাদিকদের সঙ্গে।
বাংলাদেশে গ্রামীণফোনের ‘মোবিক্যাশ’ নামে একটি আর্থিক সেবা রয়েছে, যা ২০০৭ সাল থেকে চালু। এর মাধ্যমে এখন পর্যন্ত ৭৮০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে এবং ৬৫ লাখ টাকার ইউলিটি বিল পরিশোধ করা হয়েছে। এর বাইরেও আরও নতুন নতুন আর্থিক সেবা দিতে বাজারসুবিধা দেখতে আগামী মাসেই ঢাকায় আসছেন বলে জানান নরওয়ের সাবেক এই ব্যাংক কর্মকর্তা। টিনে ওলেবেক বলেন, প্রায় ১৬ কোটি মানুষের দেশে এক-চতুর্থাংশের কম মানুষ সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। আর দেশজুড়ে রয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। এ নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে লক্ষ্য অর্জনে কাজ করবে গ্রামীণফোন। তিনি বলেন, আরও অনেক বেশি মানুষকে আর্থিক সেবায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে ব্যবসা করার কোনো উদ্দেশ্য টেলিনরের নেই, বরং তারা কাজটি করছে করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে।
টিনে ওলেবেক জানান, ‘মোবাইল আর্থিক সেবার জন্য বাংলাদেশের ছয়টি স্থানীয় ব্যাংকের সঙ্গে অংশীদারি রয়েছে। তবে এখন আরও ব্যাংকের সঙ্গে আমরা অংশীদার হতে চাই। আরও বলতে চাই অনেক কম খরচে বিরাটসংখ্যক গ্রাহক সামলানোর সক্ষমতা আমাদের আছে।’
টিনে ওলেবেক বলেন, ‘এখনো যাঁদের ব্যাংকে কোনো হিসাব নেই, ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের লেনদেন করেন না, তাঁদের আর্থিক সেবার আওতায় আনার জন্য আমরা ভিন্ন ভিন্ন উদ্যোগ বা মডেলের কথা ভাবছি। আমরা চাই পল্লি অঞ্চলে বা দূরে থাকা মানুষ যাতে মোবাইল সেবা সহজে পান এবং পুরো সেবা দেওয়ার প্রক্রিয়া যেন আরও অনেক সহজ হয়।’
বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্যান্য বাজারেও মোবাইল আর্থিক সেবার দিক থেকে টেলিনরের শক্ত অবস্থান রয়েছে। যেমন, পাকিস্তানে ইজিপয়সা নামের সেবাটি চালু হয় ২০০৯ সালে। গত বছর পর্যন্ত এ সেবার আওতায় পাকিস্তানে ৪২০ কোটি ডলারের সমপরিমাণ অর্থের লেনদেন হয়েছে। টেলিনর একই ধরনের সেবা চালু রেখেছে থাইল্যান্ডে। আর নতুন বাজার মিয়ানমারেও আর্থিক সেবা চালু করবে টেলিনর।