মুঠোফোনেই জীবনবিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোনে প্রতি মাসে কমপক্ষে ২৫০ টাকা কথা বলেন, এমন গ্রাহকসংখ্যা দেশে এখন প্রায় ১ কোটি। এ গ্রাহকদের একটি বড় অংশই জানেন না, মাসে ২৫০ টাকার কথা বললে ২০ হাজার টাকার জীবনবিমা পাওয়া যায়।
দেশের তিন শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবি বর্তমানে গ্রাহকদের মুঠোফোনে জীবনবিমার সুবিধা দিচ্ছে। দীর্ঘদিন ধরে যাঁরা মুঠোফোন ব্যবহার করছেন, তাঁদের বিশ্বস্ততার পুরস্কার দিতে এবং গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) বাড়াতে মূলত এ সেবাটি চালু করেছে মুঠোফোন অপারেটররা। গ্রাহকের জন্য বিনা মূল্যের পলিসি হওয়ায় তাঁরাও এখন এ সেবা ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তিন অপারেটর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে ৭০০-এর বেশি মুঠোফোন গ্রাহকের পক্ষে জীবনবিমা নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ মৃত গ্রাহকের মনোনীত ব্যক্তিরা পেয়েছেন প্রায় তিন কোটি টাকা। আর এ সময় নিবন্ধন করেছেন এক কোটির বেশি গ্রাহক।
এমনই একজন কিশোরগঞ্জের গোপাল সরকার। ২০১৪ সালের ডিসেম্বরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে স্কুলপড়ুয়া এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েন গোপালের স্ত্রী মালতী সরকার। মৃত্যুর কয়েক মাস আগে গোপাল সরকার যে মুঠোফোন ব্যবহার করতেন, সেটি দিয়ে একটি বিনা মূল্যের জীবনবিমা পলিসি সুবিধার জন্য নিবন্ধন করেন, সেখানে তিনি নমিনি (মনোনীত ব্যক্তি) করেন স্ত্রী মালতী সরকারকে।
নির্দিষ্ট প্রক্রিয়ায় এক সপ্তাহের মধ্যেই ওই মুঠোফোন অপারেটর থেকে ২০ হাজার টাকার বিমাসুবিধা পায় গোপালের পরিবার, যা দিয়ে দুই সন্তানের লেখাপড়ার খরচ চালানো হচ্ছে এখন। প্রয়োজনের সময়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে এ ২০ হাজার টাকা পেয়ে খুশি পরিবারটি।
বাংলাদেশে প্রথম মুঠোফোন বিমাসুবিধা চালু করে রবি। কোম্পানিটি ২০১২ সালের জুলাই থেকে এ সেবা দিচ্ছে। বেসরকারি বিমা কোম্পানি প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্সের মাধ্যমে ‘বিমা মোবাইল ইনস্যুরেন্স’ নামে এ সেবাটি দিচ্ছে রবি। এখন পর্যন্ত অপারেটরটি ৫০৪টি পলিসি নিষ্পত্তি করে গ্রাহকদের ২ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার বিমা দাবি মিটিয়েছে। সুবিধাটি পেতে অপারেটরটির অধীনে ৬৯ লাখের বেশি গ্রাহক ইতিমধ্যেই নিবন্ধন করেছেন। বাংলাদেশকে অনুসরণ করে রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াতেও এ সুবিধা চালু করেছে। রবি গ্রাহকদের *১২১৬*১# নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুসরণ করে সেবাটির জন্য নিবন্ধন করতে হবে।
রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের প্রথম মুঠোফোন অপারেটর হিসেবে আমরা এ সেবা শুরু করি। দিন দিন এ সেবা গ্রহণকারী গ্রাহকের সংখ্যা বাড়ছে। এমন সেবার মাধ্যমে সবচেয়ে কঠিন সময়ে গ্রাহকের পাশে থাকার বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা।’
দেশের শীর্ষস্থানীয় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ২০১৩ সালের জুলাই থেকে ‘নির্ভয়’ নামে জীবনবিমা পলিসি সুবিধা গ্রাহকদের দিচ্ছে। দুই বছরের কম সময়ে অপারেটরটির মাধ্যমে প্রায় ৬০ লাখ গ্রাহক বিমা পলিসি সুবিধার জন্য নিবন্ধন করেছেন। এ সময়ে ৬০ লাখ টাকার ১৫০টি জীবনবিমা নিষ্পত্তি করেছে গ্রামীণফোন।
নির্ভয় প্যাকেজের এই বিমাসুবিধা দিতে গ্রামীণফোনের সঙ্গে কাজ করছে দেশীয় বিমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইনস্যুরেন্স। আর এতে সমন্বয়কের ভূমিকায় কাজ করছে বিল গেটসের প্রতিষ্ঠিত বহুজাতিক ক্ষুদ্র বিমা প্রতিষ্ঠান মাইক্রোএনসিওর। বিমা নিষ্পত্তির বেশির ভাগই সাত দিনের মধ্যে সম্পন্ন করা কথাও জানালেন গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিছু বিমা নিষ্পত্তি ২৪ ঘণ্টার মধ্যেও হয়েছে এমন উদাহরণ আছে বলে জানা গেল তাঁদের কাছে।
আগ্রহী যেকোনো গ্রাহক সারা দেশে গ্রামীণফোন অনুমোদিত ৭০ হাজার স্থান থেকে বিনা মূল্যে নিবন্ধন করতে পারবেন। আবার মুঠোফোন থেকেও নিজের নিবন্ধন সারতে পারবেন গ্রাহক। এ জন্য গ্রাহককে *৭৭৭# নম্বরে ডায়াল করে নির্দেশনা অনুসরণ করে নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ ছাড়া দেশব্যাপী প্রগতি লাইফ ইনস্যুরেন্সের এজেন্টদের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকেরা।
গ্রামীণফোনের ডিরেক্টর কমিউনিকেশন মার্কাস অ্যাডাকটুসন এ প্রসঙ্গে বলেন, ‘গ্রামীণফোনের গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্ভয় জীবনবিমা চালু করা হয়েছে। বাংলাদেশের অনেক মানুষের জন্যই তেমন কোনো সামাজিক নিরাপত্তাব্যবস্থা নেই, নির্ভয়ের মাধ্যমে তাঁদেরকে জীবনবিমার আওতায় আনা সম্ভব হচ্ছে। এর ফলে দেশে বিমাশিল্পের প্রসারেরও সুযোগ সৃষ্টি হচ্ছে।’
বাংলালিংক ২০১৪ সালের জুন থেকে ‘প্রিয়জন ইনস্যুরেন্স’ নামে এ সেবা দিচ্ছে। সর্বনিম্ন ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জীবনবিমার সুবিধা পেতে পারেন একজন বাংলালিংক গ্রাহক। অপারেটরটির প্রিয়জন প্যাকেজের গ্রাহকেরা স্বয়ংক্রিয়ভাবে এ সুবিধা পেয়ে থাকেন। আর অন্যান্য প্যাকেজের গ্রাহকেরা *৬০০০# নম্বরে ডায়াল করে নিবন্ধন করতে হবে। ডেলটা ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের মাধ্যমে বাংলালিংক সেবাটি দিচ্ছে।
জীবনবিমার সুবিধা পাওয়ার জন্য তিন অপারেটরের কিছু নির্দিষ্ট প্রক্রিয়া আছে। গ্রামীণফোনে এক মাসে মোট যে সংখ্যক গ্রাহক ২৫০ টাকার বেশি কথা বলেন, তার ভিত্তিতে কতজন গ্রাহক সেবাটি পাওয়ার যোগ্য, সেটি বিবেচনায় নেওয়া হয়। রবির ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন। রবিতে গড়ে একজন গ্রাহক মাসে কত টাকার কথা বললেন, বিমার টাকা দেওয়ার ক্ষেত্রে সেটিকে বিবেচনায় নেওয়া হয়। তবে এ সুবিধা পাওয়ার জন্য প্রতিটি অপারেটরের গ্রাহককে অবশ্যই নিবন্ধন করতে হবে।
সেবা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মুঠোফোন সেবা যে এখন শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার প্রমাণ এ ধরনের সেবা। সেবাটি নিতে গ্রাহকদের উদ্বুদ্ধ করা গেলে একদিকে বিমা পলিসির সংখ্যা যেমন দেশে বাড়বে, তেমনিভাবে লাভবান হবে মুঠোফোন অপারেটর ও বিমা কোম্পানিগুলো। গ্রাহক দীর্ঘ সময় একটি নম্বর ব্যবহার করলে সংশ্লিষ্ট অপারেটরের আয় বাড়ার সঙ্গে সঙ্গে বিমা কোম্পানিগুলোর গ্রাহক বাড়ার সুযোগ তৈরি হচ্ছে, এতে তিন পক্ষই লাভবান হচ্ছে। ভবিষ্যতে জীবনবিমার পাশাপাশি অন্যান্য বিমাসুবিধা মুঠোফোনের মাধ্যমে দেওয়ার পরিকল্পনার কথাও জানা গেল মুঠোফোন অপারেটরদের কাছে।
সামাজিক সুরক্ষাবঞ্চিত স্বল্প আয়ের মানুষদের জীবনবিমার সুবিধার আওতায় আনতে মূলত এ সুবিধাটি দেওয়ার কথা বলছে অপারেটররা। এ-সংক্রান্ত এক গবেষণায় দেখা গেছে, সেবাটির সুবিধা পেয়েছেন এমন ৭২ শতাংশ মানুষের দৈনিক আয় আড়াই ডলার বা ২০৬ টাকা। এ গবেষণায় আরও উঠে এসেছে, স্বল্প আয়ের মানুষের পাশাপাশি সেবাটি এখন সর্বস্তরের মানুষের কাছেই জনপ্রিয় হচ্ছে। সহজে বিমাসুবিধা পাওয়ার অন্য কোনো উপায় না থাকায় মুঠোফোনের মাধ্যমে এ সেবা নিতে আগ্রহী হচ্ছে মানুষ।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, দেশে প্রতি হাজার মানুষের মধ্যে মাত্র চারজনের জীবনবিমা রয়েছে। সে হিসেবে মোট জনগোষ্ঠীর মাত্র ৬০ লাখ মানুষ জীবনবিমার আওতায় আছেন। প্রতি মাসে প্রিমিয়াম জমা দেওয়াসহ বেশ কিছু জটিলতার কারণে স্বল্প আয়ের জনগোষ্ঠীর পক্ষে এসব সুবিধা পাওয়া সম্ভব হয় না। সুবিধাবঞ্চিত এ জনগোষ্ঠীকে প্রিমিয়াম ছাড়াই বিমাসুবিধা দিতে মুঠোফোন বিমা কার্যকর হতে পারে বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
মুঠোফোন অপারেটরদের এ জীবনবিমা পলিসি নিয়ে গত বৃহস্পতিবার কথা হয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদের সঙ্গে। তিনি বলেন, মুঠোফোন গ্রাহক তথা দেশের মানুষ কিছু আর্থিক সুবিধা পাচ্ছে—এটা অবশ্যই ইতিবাচক ব্যাপার। তবে দেখতে হবে, মুঠোফোন অপারেটরদের সঙ্গে বিমা কোম্পানির কোনো চুক্তি আছে কি না। চুক্তি না থাকলে অপারেটররা পলিসির ক্ষেত্রে বিমা শব্দটিই ব্যবহার করতে পারবে না।

রবি
২০১২ সালের জুলাই থেকে রবি ‘বিমা মোবাইল ইনস্যুরেন্স’ নামে প্রথম এ সেবাটি চালু করে। এ অপারেটর ৫০৪টি জীবনবিমা নিষ্পত্তি করে গ্রাহকদের প্রায় ২ কোটি ৬ লাখ টাকা দিয়েছে
গ্রামীণফোন
গ্রামীণফোন ২০১৩ সালের জুলাই থেকে ‘নির্ভয়’ নামে জীবনবিমা সেবা নিয়ে আসে। তারা ৬০ লাখ টাকার ১৫০টি জীবন বিমা দাবি নিষ্পত্তি করেছে
বাংলালিংক
২০১৪ সালের জুন থেকে ‘প্রিয়জন ইনস্যুরেন্স’ নামে এ সেবা চালু করে বাংলালিংক। সর্বনিম্ন ১৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জীবন বিমা–সুবিধা পেতে পারেন একজন বাংলালিংক গ্রাহক