মুঠোফোনের অবৈধ আমদানি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে মুঠোফোন আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে অবৈধ পথে পণ্যটির আমদানি বাড়বে। মুঠোফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মতামত উঠে এসেছে।
সংগঠনটি বলছে, দেশে মুঠোফোন সংযোজন ও উৎপাদন কারখানা করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং আর্থিক প্রণোদনার নীতিমালা তৈরি করতে হবে। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএমপিআইএ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি রুহুল আলম আল মাহবুব।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের জন্য যে বাজেট দিয়েছেন, তাতে মুঠোফোন আমদানিতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে একটি সম্পূর্ণ মুঠোফোন আমদানিতে সব মিলিয়ে ২৩ দশমিক ৭৫ শতাংশ কর দিতে হয়। এর মধ্যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ অগ্রিম কর হিসেবে দিতে হয়। সম্পূরক শুল্ক ১০ শতাংশ করায় মুঠোফোন আমদানিতে এখন সব মিলিয়ে ৩৪ দশমিক ৫ শতাংশ কর দিতে হবে। এতে ৫ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোনের দাম বাড়বে কমপক্ষে ৬০০ টাকা।
রুহুল আলম আল মাহবুব বলেন, ‘বিশ্বের নবম বৃহৎ মুঠোফোন ব্যবহারকারী দেশ হিসেবে সরকার স্থানীয়ভাবে মুঠোফোন উৎপাদন সহায়ক নীতিমালা প্রণয়নের যে উদ্যোগ নিয়েছে, সেটাকে স্বাগত জানাই। তবে এখন পর্যন্ত শতভাগ আমদানিনির্ভর হওয়ায় মুঠোফোনে শুল্ক বৃদ্ধির প্রস্তাব উদ্বেগজনক। এর ফলে মুঠোফোন বাজারে চোরাচালান উৎসাহিত হবে, সরকারের রাজস্ব ক্ষতি বাড়বে ও অসম প্রতিযোগিতার ফলে বৈধ আমদানিকারকেরা ব্যবসায় টিকে থাকতে পারবে না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে মুঠোফোনের কোনো উৎপাদন বা সংযোজন শিল্প নেই। বিএমপিআইএর অনেক সদস্য প্রতিষ্ঠান স্থানীয় মুঠোফোন শিল্প স্থাপনের জন্য আগ্রহী। কিন্তু মুঠোফোন উৎপাদন একটি প্রযুক্তিনির্ভর শিল্প ও বাংলাদেশে এতে দক্ষ শ্রমিকের অভাব আছে। দেশে সংযোজন শিল্প ও দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য ন্যূনতম এক বছর সময় প্রয়োজন। এ ছাড়া দেশে মোট আমদানির ১৫ থেকে ২০ শতাংশ অবৈধভাবে আমদানি হয়। এমন অবস্থায় সংযোজন শিল্পে শুল্ক ১০ শতাংশ ও সরবরাহকারী পর্যায়ে মূল্য সংযোজন কর আরোপ করা হলে অবৈধভাবে মুঠোফোন আমদানি উৎসাহিত হবে।