মুঠোফোনের দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মুঠোফোনের দাম বাড়তে যাচ্ছে। কারণ আগামী বাজেটে মুঠোফোন আমদানিতে সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে একটি সম্পূর্ণ মুঠোফোন আমদানিতে সব মিলিয়ে ২৪ শতাংশ কর দিতে হয়। এর মধ্যে ৫ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ ও ২ শতাংশ অগ্রিম কর হিসেবে দিতে হয়। সম্পূরক শুল্ক ১০ শতাংশ হলে মুঠোফোন আমদানিতে এখন প্রায় ৩০ শতাংশ কর দিতে হবে।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) মহাসচিব রেজওয়ানুল হক বলেন, এই সিদ্ধান্ত স্মার্টফোন বৃদ্ধির প্রবৃদ্ধিকে ব্যাহত করবে। নতুন সম্পূরক শুল্ক যোগ হলে ৫ হাজার টাকা দামের একটি মুঠোফোন কিনতে ক্রেতাকে আরও ৩০০ টাকা বেশি দিতে হবে।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ বিষয়ে বলেন, মুঠোফোন, ল্যাপটপ, আইপ্যাডের স্থানীয় সংযোজন ও উৎপাদনকে উৎসাহিত করতেই এ খাতের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ আমদানিতে শুল্ক ছাড় সুবিধা দেওয়া হবে।