দেশের দ্বিতীয় প্রজন্মের (টু-জি) চারটি মুঠোফোন কোম্পানির লাইসেন্স নবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন প্রণীত খসড়া নীতিমালার অনেকগুলো বিধান পরস্পরবিরোধী। এমনকি ওই নীতিমালায় সংবিধানবিরোধী অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মত দিয়েছেন দেশি-বিদেশি টেলিযোগাযোগ আইন বিশেষজ্ঞরা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে স্থানীয় একটি হোটেলে ‘রিসেন্ট রেগুলেটরি ট্রেন্ডস অব টেলিকম সেক্টর—অ্যান অ্যানালাইসিস ফ্রম গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এ দাবি করেন। গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়া আয়োজিত এ কর্মশালায় দেশি-বিদেশি টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা তাঁদের বিভিন্ন মতামত প্রকাশ করেন।লার্ন এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শ্রীলঙ্কা সরকারের অন্যতম টেলিযোগাযোগ উপদেষ্টা রোহান সমরজীব বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে দেশের মুঠোফোন বাজার উন্নয়নে উদারপন্থী হতে হবে। কারণ, ঝুঁকির আশঙ্কা থাকলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে না। রোহান আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইলে টেলিযোগাযোগ খাতে সহায়ক আইন ও নীতিমালা প্রণয়ন করতে হবে।পাকিস্তানি টেলিযোগাযোগ আইন বিশেষজ্ঞ আসলাম হায়াত বলেন, বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারের টেলিযোগাযোগ বিশেষজ্ঞ সাঈদ খান জানান, গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ৬০ শতাংশ জুগিয়েছিল টেলিযোগাযোগ খাত। আর সরকারের রাজস্ব আয়ের ১০ শতাংশ আসে এ খাত থেকে। তিনি বলেন, তৃতীয় জেনারেশন (থ্রিজি) প্রযুক্তি দিয়ে দেশব্যাপী লাভবান হতে হলে সরকারকে বেসরকারি অপারেটরদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।