মুড়ি, খেজুর ও আম পরীক্ষা করে মানবদেহের জন্য ক্ষতিকর কিছু পায়নি জনস্বাস্থ্য ইনস্টিটিউট। সংস্থাটির ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরিতে (এনএফএসএল) সম্প্রতি এসব খাদ্যপণ্যের ২৭টি করে নমুনা পরীক্ষা হয়।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক জরিপ কার্যক্রমের আওতায় এসব খাদ্য পরীক্ষা করা হয়। ইনস্টিটিউটের কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফলাফলগুলো তুলে ধরেন এনএফএসএলের প্রধান শাহনিলা ফেরদৌসী। এ সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।
শাহনিলা ফেরদৌসী জানান, তাঁরা উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায় থেকে ৯টি করে ২৭টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন। এতে মুড়ির কোনো নমুনায় ইউরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। তবে আম ও খেজুরের কোনো কোনো নমুনায় ফরমালডিহাইডের উপস্থিতি ছিল, তবে তা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে কম।
ইইউর নির্ধারিত মান অনুযায়ী আম ও খেজুরে ফরমালডিহাইডের সহনীয় মাত্রা হলো প্রতি কেজিতে ৩৫ মিলিগ্রাম। এনএফএসএলের পরীক্ষায় খেজুরে শূন্য দশমিক ৭৯ থেকে ২ দশমিক ৫৯ মিলিগ্রাম ও আমে সর্বোচ্চ ৩ দশমিক ৪৬ মিলিগ্রাম ফরমালডিহাইড পাওয়া গেছে। এ ছাড়া ৫৬ প্রকারের কীটনাশক পরীক্ষা করেও কোনো অসহনীয় মাত্রায় তা পাওয়া যায়নি বলে উল্লেখ করেন শাহনিলা ফেরদৌসী।
আঙুরের ২৭টি নমুনায় সহনীয় মাত্রার চেয়ে কম ফরমালডিহাইড পাওয়া গেছে। তবে ইপিএন (ইথাইল পি-নাইট্রোফেনি) নামের একটি কীটনাশক পাওয়া গেছে, যেটির কোনো সহনীয় মাত্রা বাংলাদেশে ঠিক করা হয়নি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছেও এর সহনীয় মাত্রা পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাপানের একটি সংস্থা ইপিএনের সহনীয় মাত্রা ৩০ থেকে ৩০০ পার্টস পার বিলিয়ন (পিপিবি) ধরেছে। আঙুরে মিলেছে ৩৮ থেকে ৭২ পিপিবি। ওই কীটনাশকটি মানবদেহে ক্যানসার তৈরি করতে পারে বলে জানান শাহনিলা ফেরদৌসী।
জাফর উল্লাহ বলেন, ‘মানুষকে সচেতন করার জন্য আমরা এ সব খাদ্য পরীক্ষা করছি এবং তা জানানোর ব্যবস্থা করা হচ্ছে।’