মুন্সিগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের বরবর্ত্তা এলাকায় ৫০ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে ‘বিসিক মুদ্রণ শিল্প এস্টেট’। এ প্রকল্পে ব্যয় (প্রাক্কলিত) ধরা হয়েছে ১৮৭ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্প অনুমোদনের পর ব্যয়ের ৯০ শতাংশই দেবে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বিএমএসএস)।মুদ্রণ শিল্পনগর স্থাপনে গত বুধবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ও বিএমএসএসের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সই করেন বিসিকের পরিচালক (পরিকল্পনা) রমা রানী রায় এবং বিএমএসএসের চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত। ঢাকার মতিঝিলে বিসিকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ পরিচালকেরা এবং বিএমএসএসের নেতারা উপস্থিত ছিলেন। বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনুষ্ঠানে বলা হয়, মুদ্রণ শিল্পনগরে অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন-কালভার্ট, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ ব্যবস্থাসহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো গড়ে তোলা হবে। এতে চার ধরনের ৪১৯টি শিল্প প্লট তৈরি করা হবে। সরকারি সংস্থা বিসিক ও মুদ্রণ শিল্প সমিতি যৌথভাবে চার বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। দেশে প্রথমবারের মতো এ ধরনের একটি বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকে প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়ন, প্লট বরাদ্দ, ব্যবস্থাপনা ও পরিচালন পদ্ধতি, প্লটের মূল্য ও অর্থ পরিশোধ এবং পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার মুদ্রণ শিল্প-কারখানা রয়েছে। এর ৫৫ শতাংশ কারখানাই ঢাকায়। এ শিল্প খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় চার লাখ লোক নিয়োজিত। মুদ্রণ শিল্পনগর বাস্তবায়িত হলে সেখানে ৪১৯টি কারখানা স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষভাবে ১৭ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।