মুদ্রণশিল্পে ১০০ কোটি ডলারের রপ্তানি সম্ভাবনা
বাংলাদেশের মুদ্রণশিল্পে জাপানি ব্যবসায়ীদের সরাসরি বা যৌথ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ সফররত জাপানি মুদ্রণশিল্প সংশ্লিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু এ আহ্বান জানান।
ইপিবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নেতা ও এ খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ইপিবির আহ্বানের পরিপ্রেক্ষিতে জাপানি প্রতিনিধিদল মুদ্রণশিল্পের বিশেষায়িত ক্ষেত্রে সে দেশের বিনিয়োগের সম্ভাবনার কথা জানান। একই সঙ্গে মানবসম্পদ ও প্রযুক্তিগত খাতে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেন। তবে সুনির্দিষ্টভাবে বিনিয়োগের কোনো আশ্বাস দেননি প্রতিনিধিদলের সদস্যরা।
১৪ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ইনউয়ে। জাপান-বাংলা বাণিজ্য সেন্টার বা জেবিবিসির আমন্ত্রণে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পক্ষে সভায় বক্তব্য দেন সংগঠনটির সভাপতি শহীদ সেরনিয়াবাত, সহসভাপতি হাসিনা নেওয়াজ প্রমুখ।
মতবিনিময়কালে সফররত প্রতিনিধিদলের সামনে বাংলাদেশের মুদ্রণ শিল্পের অতীত, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি উদ্যোক্তারা।
এ সময় প্রতিনিধিদলকে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে ছোট-বড় সাত হাজার মুদ্রণশিল্প রয়েছে। এসব শিল্পে প্রায় চার লাখ লোক কর্মরত আছে। প্রতিবছর এ খাতে ১০০ শিল্প গড়ে উঠছে। স্থানীয় বাজারের পাশাপাশি এ শিল্পে রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা মাথায় রেখে সরকার এ খাতের জন্য আলাদা একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশে মুদ্রণশিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। এ খাতের সঙ্গে এ দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ব্যবসায়ীরা সম্পৃক্ত রয়েছেন। মুদ্রণশিল্পে ১০০ কোটি ডলারের রপ্তানি সম্ভাবনা রয়েছে। তাই এ খাতে বিনিয়োগের জন্য জাপানি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টিও প্রতিনিধিদলকে অবহিত করেন।