মুদ্রণশিল্পের সক্ষমতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুদ্রণশিল্পের সক্ষমতা বেড়েছে
মুদ্রণশিল্পের সক্ষমতা বেড়েছে

একটি মাত্র লেটার প্রেস দিয়ে যে শিল্পটির যাত্রা শুরু হয়েছিল, প্রায় ৬৬ বছর পর সেই শিল্পের বাজার এখন তিন হাজার কোটি টাকার।
বর্তমানে এ খাতের উদ্যোক্তারা বছরে গড়ে ১৫৬ কোটি টাকার ক্যালেন্ডার, ডায়েরি, বই-পুস্তক এবং পোশাক-ওষুধ-হিমায়িত চিংড়ি খাতের বিভিন্ন উপকরণ রপ্তানি করছেন।
মুদ্রণশিল্প মালিকেরা বলছেন, দেশে সরকারি পাঠ্যপুস্তকের চাহিদার পুরোটাই তাঁরা ছাপাতে সক্ষম। এর পরও সরকার বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে। সে কারণে উদ্যোক্তারা আর এমন দরপত্র চান না। তাঁরা বলছেন, দেশীয়ভাবেই সব পাঠ্যপুস্তক ছাপানো হলে মুদ্রণশিল্পে বিনিয়োগ বাড়বে, আবার এ শিল্পও বিকশিত হবে।
মুদ্রণশিল্পের যাত্রা শুরুর ইতিহাসটি বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলমের কাছে জানা গেছে। সমিতির হিসাবে, ঢাকায় তিন হাজার প্রিন্টিং প্রেস আছে। আরামবাগ, ফকিরাপুল আর পল্টনেই আছে হাজার খানেক।
অন্যদিকে ঢাকার বাইরে আছে বাকি চার হাজার প্রেস। প্রতিবছর গড়ে ১০০টি প্রেস বা ছাপাখানা হচ্ছে।
ঢাকার ছাপাখানাগুলোর মধ্যে সারা বছরই কাজ চলে পোশাকসংশ্লিষ্ট এক-দেড় হাজার প্রেসে। এসব প্রেসে কাপড়ের ওপর হ্যান্ড ট্যাগ, ইনলে বোর্ড ও লেভেল তৈরি হয়।
আবার পাঠ্যপুস্তকসহ বই ছাপার সঙ্গে যুক্ত হাজার খানেক প্রেস। সরকারি পাঠ্যপুস্তক বছরের তিন মাস আর সহায়ক পুস্তক (গাইড বই), উচ্চস্তরের বই ও গল্প-উপন্যাস ছাপা চলে সারা বছর। এ ছাড়া ৫০০ প্রেস সারা বছরই ক্যালেন্ডার, ডায়েরি, শুভেচ্ছা কার্ড ইত্যাদি ছাপায়।
বর্তমানে অত্যাধুনিক মুদ্রণসরঞ্জাম নিয়ে কাজ করছে প্রায় দুই হাজার মুদ্রণ প্রতিষ্ঠান। এর মধ্যে তিন শতাধিক চার রঙের মুদ্রণযন্ত্র নতুন সংযোজিত হয়েছে। বাকি প্রেসগুলোর বেশির ভাগই সনাতন ছাপাখানায় কাজ চালিয়ে নিচ্ছে।
এসব প্রেসে কর্মসংস্থান হয়েছে প্রায় দুই লাখ লোকের। আর মুদ্রণশিল্পের সহায়ক বাইন্ডিং ও লেমিনেটিং কারখানা, ডায়িং, কাটিং, কম্পিউটারাইজড ডিজাইন, প্লেট তৈরি, কালি ও রাসায়নিকের দোকান এবং কাগজের দোকানে কর্মসংস্থান হয়েছে আরও এক লাখ লোকের।
পাঠ্যপুস্তক ছাপানোর শতভাগ সক্ষমতা: স্বাধীনতার পর থেকেই সরকার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকও সরকার তৈরি করে, তবে তা টাকা দিয়ে কিনতে হয়। ২০০৯ শিক্ষাবর্ষ পর্যন্ত পাঠ্যপুস্তক ছাপানো হতো নয় কোটি। কিন্তু সরকারি সিদ্ধান্তে ২০১০ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ছাপাতে হয় ১৯ কোটি। হঠাৎ সিদ্ধান্তের পরও কর্মযজ্ঞটি ভালোভাবেই সম্পন্ন করে দেশীয় মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো।
জানা গেছে, সরকারি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ২০১১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংখ্যা বেড়ে ২২ কোটি, ২০১২ শিক্ষাবর্ষে ২৩ কোটি, ২০১৩ শিক্ষাবর্ষে ২৬ কোটি এবং ২০১৪ শিক্ষাবর্ষে ৩০ কোটিতে উন্নীত হয়।
মুদ্রণশিল্প সমিতি সূত্র জানায়, ২০১১ শিক্ষাবর্ষে সরকার প্রথম-দ্বিতীয় শ্রেণীর বই ছাপাতে আন্তর্জাতিক দরপত্র দেয়। এতে কার্যাদেশ পেয়ে ভারতীয় দুটি প্রতিষ্ঠান তিন কোটি পাঠ্যপুস্তক ছাপায়। বাকিটা ছাপায় দেশীয় প্রতিষ্ঠানগুলো।
চলতি ২০১৪ শিক্ষাবর্ষের ৩০ কোটি পাঠ্যপুস্তকের মধ্যে আন্তর্জাতিক দরপত্রে কাজ পেয়ে ভারতীয় তিনটি প্রতিষ্ঠান তিন কোটি পাঠ্যপুস্তকের কার্যাদেশ পায়। বাকি ২৭ কোটি পাঠ্যপুস্তক দেশীয় প্রেসে ছাপা হয়।
মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রথম আলোকে বলেন, ‘এ বছর ৪৭৭টি প্রতিষ্ঠান পাঠ্যপুস্তক ছাপিয়েছে। এর মাত্র তিনটি প্রতিষ্ঠান ভারতীয়। এই প্রতিষ্ঠানগুলো না থাকলেও আমরা এসব বই ছেপে যথাসময়ে শিক্ষার্থীদের দিতে পারতাম। আমরা সে সক্ষমতার প্রমাণ দিতে পেরেছি। তাই আমরা মনে করি, এখন আর আন্তর্জাতিক দরপত্রের প্রয়োজন নেই।’
সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলমের দাবি, দেশীয় প্রেসগুলোর মুদ্রণযন্ত্র বাকি নয় মাসও ব্যবহূত হলে আরও ৭০ কোটি পাঠ্যবই ছাপানো সম্ভব।
কাগজের শুল্কই বড় সমস্যা: প্রিন্টিং প্রেসগুলোর ছাপার কাজ চালাতে প্রয়োজন হয় কাগজ, শক্ত কাগজ (বোর্ড), কালি, লুব্রিকেন্ট (মবিল)। তবে বেশি ভোগায় কাগজ।
মুদ্রণশিল্পের মালিকদের অভিযোগ, দেশীয় কাগজের মান তেমন ভালো নয়। ভরসা আমদানি করা কাগজ। কিন্তু কাগজ আমদানিতে শুল্ক দিতে হয় মোট ৫৭ শতাংশ। এর সঙ্গে আরও ৪ শতাংশ অগ্রিম আয়কর দিতে হয়।
অথচ বিদেশি প্রতিষ্ঠানগুলোকে কোনো শুল্কই দিতে হয় না। এই শুল্কটা সরকারকেই শোধ করতে হয়। কিন্তু তা দরপত্রের উল্লিখিত দরের সঙ্গে যোগ করে মূল্যায়ন করা হয় না। এতে দেশীয় মুদ্রণশিল্প বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেন উদ্যোক্তারা।
শহীদ সেরনিয়াবাত বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানকে শুল্কছাড় দিয়ে আমাদের অসম প্রতিযোগিতায় ফেলে দিয়েছে সরকার। এ ক্ষেত্রে আমরা সরকারের কাছ থেকে সহায়তা চাই।’
খারাপ গেল ২০১৩: নির্বাচনী বছর হওয়ার পরও রাজনৈতিক অস্থিরতায় ২০১৩ সালটি খারাপ গেছে মুদ্রণশিল্পের মালিকদের। মুদ্রণশিল্প সমিতির তথ্য অনুযায়ী, পাঠ্যবই ছাপিয়ে তা থানা পর্যন্ত পৌঁছে দিতে হয় মুদ্রণকারীকে। টানা অবরোধ-হরতালে এ কাজটি করতে চার-পাঁচ গুণ পরিবহন ভাড়া গুনতে হয়েছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
অক্টোবর-ডিসেম্বর সময়ে ৩০০ কোটি টাকার ক্যালেন্ডার, ডায়রিসহ প্রচারণামূলক উপকরণ ছাপান প্রেসের মালিকেরা। গেল বছর তা নেমে আসে অর্ধেকে।
নির্বাচনী বছরে ২০০ কোটি টাকার পোস্টার, লিফলেট, ব্রশিউর, ভোটার পরিচিতি ছাপানো হয়। এবার হয়েছে এর ১০ শতাংশ।
মুন্সিগঞ্জে হচ্ছে শিল্পপার্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের বরবর্ত্তা এলাকায় ৫০ একর জমিতে গড়ে উঠছে ‘বিসিক মুদ্রণশিল্প এস্টেট’। ১৮৭ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্পের ৯০ শতাংশই দেবে মুদ্রণশিল্প সমিতি। চার বছরের মধ্যে এটি গড়ে তোলা হবে, প্লট হবে ৪১৯টি।
উদ্যোক্তারা বলছেন, পুস্তক রপ্তানির জন্য রপ্তানিকারী দেশগুলোর কাছে পরিবেশবান্ধব শিল্পের বিষয়টি তুলে ধরতে হবে। শিল্পপার্ক হলে এটি সম্ভব।
শাহ আলম জানান হংকং, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ এ দেশের পাঠ্যপুস্তক মুদ্রণের দরপত্রে অংশ নিয়েছিল। তারা দেখল, এ দেশীয় মুদ্রণশিল্পের মালিকেরা কম টাকায় বই ছাপান। ফলে তারা এ দেশ থেকেই বই ছাপিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছে।
শাহ আলম আশা প্রকাশ করে বলেন, এই পার্কটি দ্রুত হয়ে গেলে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী খাত হিসেবে মুদ্রণশিল্প আত্মপ্রকাশ করবে।
৩০০০ কোটি টাকা মুদ্রণশিল্পের বাজার
১৫৬ কোটি টাকার রপ্তানি প্রতিবছর
৭ হাজার প্রিন্টিং প্রেস আছে দেশে
৩ হাজার প্রেস ঢাকায় ও ৪ হাজার ঢাকার বাইরে
৫৭ শতাংশ শুল্ক কাগজ আমদানিতে
১০০ করে প্রেস হচ্ছে প্রতিবছর
২৭ কোটি পাঠ্যপুস্তক ছাপিয়েছে দেশীয় প্রেসগুলো এবার
 দেশীয় প্রেসগুলো এখন সরকারি পাঠ্যপুস্তক ছাপাতে শতভাগ সক্ষম
 মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে মুদ্রণশিল্প পার্ক

“বিদেশি প্রতিষ্ঠানকে শুল্কছাড় দিয়ে আমাদের অসম প্রতিযোগিতায় ফেলে দিয়েছে সরকার
শহীদ সেরনিয়াবাত
সভাপতি, মুদ্রণশিল্প সমিতি