মুদ্রা কম মূল্যায়িত হওয়ায় তিন দেশকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার এখনো অত্যন্ত কম মূল্যায়িত অবস্থায় রয়েছে।একইভাবে আন্তর্জাতিক বাণিজ্য থেকে সুবিধা নিতে নিজ নিজ মুদ্রাকে কম মূল্যায়িত রাখায় জাপান ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এশিয়ায় তাদের অন্যতম প্রধান তিন বাণিজ্য অংশীদার চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রাগুলোর বিনিময় হারের ওপর নজর রাখবে। খবর বাসস ও এএফপির। মুদ্রাবিনিময় হারসংক্রান্ত দ্বিবার্ষিক এক প্রতিবেদনে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করল যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে গত শুক্রবার মার্কিন অর্থ বিভাগ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মুদ্রা সম্পর্কে নিজেদের অভিমত দেয়। মার্কিন অর্থ বিভাগের মতে, উদীয়মান বাজার অর্থনীতিগুলোর মধ্যে অধিকাংশই তাদের মুদ্রাগুলোর বিনিময় হার ব্যবস্থাপনায় কঠিনতর পদক্ষেপ নিয়ে থাকে। বিশেষ করে এশিয়াতেই এ প্রবণতা বেশ জোরালো।ওই প্রতিবেদনে বলা হয়েছে, এশীয় দেশ তিনটির মুদ্রাবিনিময় হার আরও শিথিল করা এবং এ ক্ষেত্রে তাদের অধিকতর স্বচ্ছতা দেখানো প্রয়োজন। বিশেষ করে চীনের তা মেনে চলা উচিত।তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে মুদ্রা নিয়ে কারসাজি করার অভিযোগ আনার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। জাপান তাদের অর্থনীতিকে আগের চাঙা অবস্থায় ফিরিয়ে নিতে মুদ্রার বিনিময় হার ব্যাপক হারে কমানোয় মার্কিন অর্থ বিভাগ প্রশ্ন তুলেছে। মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের বিনিময় হার কমে ইতিমধ্যে ২০০৯ সালের পর্যায়ে নেমে গেছে। গত বছরের অক্টোবরে যেখানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৭৭ ইয়েন বিনিময় হতো, সেখানে এখন তা প্রায় ১০০ ডলারে উঠে গেছে।আমেরিকার অর্থ বিভাগ মনে করে, নিজস্ব মুদ্রার দাম কম মূল্যায়িত অবস্থায় রাখলে জাপান স্বল্প মেয়াদে সহায়ক হবে বটে, কিন্তু তা কোনোভাবেই উৎপাদনশীলতা ও প্রবৃদ্ধি বাড়ানোর অপরিহার্য উপাদান কাঠামোগত সংস্কারের বিকল্প হতে পারে না।জাপানকে অভ্যন্তরীণ উদ্দেশ্য সাধনে স্থানীয় উপকরণগুলোই ব্যবহার এবং বাণিজ্য প্রতিযোগিতায় উতরে যেতে মুদ্রার অবমূল্যায়নের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মার্কিন অর্থ বিভাগ বলেছে, নিজস্ব মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ শিথিল করতে চীন একের পর এক পদক্ষেপ নিচ্ছে। উদাহরণ দিয়ে তারা জানায়, ২০১০ সালের পর থেকে এ পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে চীনা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার ১০ শতাংশ বেড়েছে।