মুদ্রা নিয়ে গবেষণাগ্রন্থ ‘কড়ি টু টাকা’ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন ধাতব ও কাগুজে মুদ্রা নিয়ে গবেষণাগ্রন্থ কড়ি টু টাকা প্রকাশিত হয়েছে। ট্রিউন-মনিটর পাবলিকেশনের প্রকাশিত বইটির রচয়িতা সিদ্দিক মাহমুদুর রহমান ও তাঁর পাঁচ সহযোগী।গতকাল শনিবার বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক ও বইটির প্রকাশক কাজী ওয়াহিদুল আলম।বইটিতে প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত মুদ্রার ক্রমবিকাশ ও ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত প্রকাশিত সব মুদ্রার ছবি আছে। বইটিতে প্রাচীন ও মধ্যযুগ, বিশেষ করে গুপ্তযুগ, সুলতানি আমল, মোগল আমল, পাকিস্তান আমল ও বাংলাদেশের গত ৪০ বছরের মুদ্রা প্রকাশের বিস্তারিত ইতিহাস বর্ণনা করা হয়েছে। এ ছাড়া বইটিতে নোটের নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত বিশ্লেষণ, মুদ্রা সংগ্রহের অজানা তথ্য ও সংগ্রহের বিশেষায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, বইটি ভবিষ্যতে গবেষক ও মুদ্রা সংগ্রাহকদের বহুমাত্রিক উপযোগ মেটাতে সমর্থ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক শিগগির বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত পাঁচ টাকার ধাতব মুদ্রা প্রকাশ করবে। এ ছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি বিখ্যাত রেখাচিত্র দিয়ে ৫০ টাকার একটি নোটসহ তিনটি কাগুজে মুদ্রাও প্রকাশ করা হবে শিগগির।গভর্নর আরও বলেন, চলতি বছরই স্বাধীনতার ৪০ বছর উদ্যাপন উপলক্ষে স্মারকমুদ্রা প্রকাশ করা ছাড়াও বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের অমর স্মৃতি সংরক্ষণের জন্য স্মারকমুদ্রা প্রকাশ করা হবে।বইটির প্রধান লেখক সিদ্দিক মাহমুদুর রহমান অনুষ্ঠানে বলেন, ২৩ বছর গবেষণার ফল আজকের এই কড়ি টু টাকা। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে ২৩ বছর পাকিস্তানি শাসন আমলে ১১১টি ধাতব ও ২১ ধরনের কাগুজে মুদ্রা প্রকাশ করা হয়। এ ছাড়া স্বাধীনতার পর গত ৪০ বছরে ২০ ধরনের ধাতব মুদ্রা ও ৪৩ ধরনের কাগুজে মুদ্রা প্রকাশ করা হয়। এগুলোসহ আড়াই শতাধিক ধাতব ও কাগুজে মুদ্রার ছবি আছে বইটিতে।উল্লেখ্য, কড়ি টু টাকা বইটির পাঁচ সহযোগী লেখক হচ্ছেন এম মুহিবুল্লাহ, মো. জহিরুল ইসলাম, সাঈদ বিন সালাম, অরূপ কুমার সাহা ও আবদুস সামাদ।