মুদ্রা পাচার রোধে বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এ ছাড়া মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) আইন নামে আরও একটি নতুন আইন প্রণয়ন করার কথাও জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেছেন, মুদ্রা পাচার রোধে বাংলাদেশ বর্তমানে কঠোর। তবে আরও কঠোর হতে যাচ্ছে। সে কারণেই আইন দুটির সংশোধনের দরকার পড়ছে।গতকাল রোববার সচিবালয়ে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।বৈঠকে অর্থসচিব মোহাম্মদ তারেক, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসির উদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মানি লন্ডারিংয়ের ব্যাপারে চাইলেই কোনো তথ্য পাওয়া যায় না। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের গোপনীয়তা রক্ষারও একটি আইন রয়েছে। চুক্তি করে বিভিন্ন দেশ থেকে তথ্য আনতে হয়। গুটিকয়েক দেশের সঙ্গে এ চুক্তি রয়েছে।এমএলএ আইন থাকলে বাংলাদেশ এগমন্ড গ্রুপের সদস্য হতে পারবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তখন এগমন্ট গ্রুপের সব সদস্যদেশ থেকে সহজেই তথ্য পাওয়া যাবে।অর্থমন্ত্রী বলেন, গোপনীয়তার অজুহাতে আগে সুইজারল্যান্ডের সুইস ব্যাংক তার গ্রাহকদের কোনো তথ্য দিত না। বৈশ্বিক চাপের কারণে অবশ্য বর্তমানে দেয়।মুহিত জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনে দায়িত্ব পালন করবে অর্থ মন্ত্রণালয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে প্রধান করে এ জন্য একটি কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে কী কী ঝুঁকি রয়েছে, তা খুঁজে বের করে দেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আর সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন সংশোধনের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, আন্তমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করতে গড়িমসি করে বলে সরকারের নজরে এসেছে। বিষয়টি পরিহারের জন্য পদক্ষেপ নেওয়া হবে। দায়িত্ব নির্দিষ্ট করে দিয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে এ ব্যাপারে।তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানির আরও শেয়ার ছাড়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কেন দেরি হচ্ছে, আগামী দু-তিন দিনের মধ্যে তা সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হবে।’আইসিবির লভ্যাংশ হস্তান্তর: এর আগে গতকাল সকালে অর্থমন্ত্রীর কাছে ২০০৯-১০ অর্থবছরের মোট অর্জনের চিত্র তুলে ধরে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবির মোট শেয়ার রয়েছে ৬৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে সরকারের অংশ ১৩ লাখ ৫০ হাজার।গত ১৫ নভেম্বরের বাজারমূল্য ধরে হিসাব করলে মোট মূল্য দাঁড়ায় তিন হাজার ১৪৪ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের প্রাপ্য ৬২৮ কোটি ৮৩ লাখ টাকা এরই মধ্যে স্থানান্তর করা হয়েছে। গতকাল হস্তান্তর করা হয়েছে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ।অর্থমন্ত্রীর কাছে মোট আট কোটি ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন আইসিবির চেয়ারম্যান খায়রুল হোসেন।এ বিষয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আইসিবির একটি নিয়মিত কাজ এটি। প্রতিবছরই টাকা দিয়ে যায়। তবে অঙ্কটি এবার বড়। আগে পেতাম এক থেকে দুই কোটি টাকা। এবার পেলাম আট কোটিরও বেশি।’ এ ছাড়া রাইট শেয়ার ছাড়াসংক্রান্ত তাদের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।