
বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটির আগেই দুটি বড় নীতি ঘোষণা করবে।২৮ জুলাই থেকে ঈদের ছুটি শুরু হবে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বার্তা সংস্থা বাসসকে বলেন, আগামীকাল সোমবার ২০১৪-১৫ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণদান নীতি ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় ব্যাংক আগামী রোববার (২৭ জুলাই) চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে এই নীতির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, ঋণের সুদের হার কমাতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে এর আগের দুটি মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির সীমা নির্ধারণ করে ১৬ দশমিক ৫ শতাংশ। তিনি বলেন, ঋণ প্রদানের ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অনুরূপ খাতে অগ্রাধিকার দেওয়া হবে। এতে অনুৎপাদনশীল ব্যয় থেকে বাজারে অর্থ সরবরাহ বৃদ্ধি পাবে না। আমদানি-রপ্তানির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে। তিনি আরও বলেন, নতুন মুদ্রানীতিতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে প্রণোদনা প্রদানের সুযোগ সৃষ্টি করতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।