মুদ্রানীতি ঘোষণা আজ
বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতকে চাঙা করার লক্ষ্য সামনে রেখে আজ বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আজ বেলা ১১টায় গভর্নর আতিউর রহমান এ মুদ্রানীতি ঘোষণা করবেন বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সরকার চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ৭ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেটি অর্জনে সহায়ক হবে—এমন মুদ্রানীতিই ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবারের নীতিতে উৎপাদন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আগেই জানিয়েছেন গভর্নর। এ ছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।
এর আগের মুদ্রানীতিতে (গত জানুয়ারি-জুন) বেসরকারি খাতে ঋণ বিতরণে সাড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়ে, অর্থাৎ পাঁচ মাসে ঋণ বিতরণে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, বেসরকারি ঋণ বিতরণে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে।
সম্প্রতি মুদ্রানীতিকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে গভর্নর বলেছিলেন, বর্তমানে বিভিন্ন খাতে উদ্বৃত্তের সমস্যা রয়েছে। তাই আগামী মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে এ সমস্যা মোকাবিলা করা।