মুদ্রানীতি ঘোষণা, ঋণপ্রবাহ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিগত অর্থবছরের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবাহ ছিল ১৪ দশমিক ৮ শতাংশ। চলতি মুদ্রানীতিতে এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ দশমিক ৬ শতাংশ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করেন। গত মার্চে গভর্নর হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো তিনি মুদ্রানীতি ঘোষণা করলেন। এ ঋণ যেন অনুৎপাদনশীল ও ঝুঁকিপূর্ণ খাতে ব্যবহার করা না হয়, সেদিকে কঠোর নজর দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
১ জুলাই থেকে শুরু হওয়া ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে রাখার ঘোষণা দেওয়া হয়। মুদ্রানীতিতেও এ লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে।
মুদ্রানীতি ঘোষণার পর রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়ে গভর্নর ফজলে কবির জানান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বড় ধরনের একটি তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, ‘তদন্তের প্রতিবেদন আমাদের পক্ষে এলে মামলা হবে। এরপরই টাকা পাওয়ার তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আমরা অর্থ পাওয়ার বিষয়ে আশাবাদী।’