মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই
চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ২৬ জুলাই ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ ১-২ শতাংশ বাড়ানো হবে বলে জানা গেছে। এবারের মুদ্রানীতি হবে বিনিয়োগ-সহায়ক ও প্রবৃদ্ধিবান্ধব।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ ১৪ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করা হয়। তবে গত মে মাসেই বেসরকারি ঋণ ১৬ দশমিক ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। জুন শেষে তা আরও বাড়বে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়ানো হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখার প্রয়াস থেকে প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রা জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়। চলতি অর্থবছর ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আর মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে।