মুদ্রানীতি ঘোষণা ২৯ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ২৯ জানুয়ারি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি বিনিয়োগে জোর দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের ঘোষণা থাকবে মুদ্রানীতিতে। তবে প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতিতে লক্ষ্যমাত্রার আশপাশেই থাকছে নতুন ঘোষণায়ও। মুদ্রানীতির ভঙ্গিও থাকবে সংকুলানমুখী। চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৬ শতাংশ। এতে আগামী জুন পর্যন্ত ১৬ দশমিক ৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়। তবে নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে প্রকৃত ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক শূন্য ১ শতাংশ। নতুন মুদ্রানীতিতেও ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৫ শতাংশ অথবা কিছুটা বাড়ানো হবে। মুদ্রানীতি প্রণয়নের সঙ্গে জড়িত কর্মকর্তারা বলছেন, সুদের হার কম, মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে। তাই বিনিয়োগ চাঙা করার উদ্যোগ থাকবে মুদ্রানীতিতে।