মুদ্রানীতি বাস্তবায়নেও খেলাপি ঋণ বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বিরূপাক্ষ পাল, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের কোর্টল্যান্ডের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহযোগী অধ্যাপক। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। গত মঙ্গলবার ঘোষিত নতুন মুদ্রানীতি প্রণয়নের সঙ্গে ছিলেন সরাসরি জড়িত। এ নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন সানাউল্লাহ সাকিব
বিরূপাক্ষ পাল
বিরূপাক্ষ পাল

প্রথম আলো: সম্প্রতি নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে মুদ্রানীতি যেভাবে গুরুত্ব পায়, বাংলাদেশে কি মুদ্রানীতির তেমন গুরুত্ব আছে?
বিরূপাক্ষ পাল: মোটেও না, এটা খুবই হতাশাজনক। বাংলাদেশের গণমাধ্যমেও মুদ্রানীতিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। আমেরিকায় বছরে আটবার মুদ্রানীতি ঘোষণা হয়। ঘোষণার আগে থেকেই এটা নিয়ে সবার মনোযোগ থাকে। ঘোষণার পর দেশের শেয়ারবাজার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসে। বিশ্বব্যাপী একটা সাড়া পড়ে যায়। কিন্তু আমেরিকায় বাজেট কীভাবে হলো, কখন হলো, এসব নিয়ে বেশি আগ্রহ লক্ষ করা যায় না। বাংলাদেশে শুধু বাজেট হলে ব্যবসায়ীদের মধ্যে হইচই দেখা যায়। কারণ, বাজেটে করের বিষয় থাকে। তবে মুদ্রানীতি তার চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ, এখানে সুদের হার, বেসরকারি খাত কী পরিমাণ ঋণ পাবে, তার ঘোষণা থাকে। বাংলাদেশে মুদ্রানীতি গুরুত্ব না পাওয়ার কারণ উন্নত ও অনুন্নত দেশ। এ ছাড়া আরও একটি কারণ হতে পারে, ঋণের সুদের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সম্পর্ক এ দেশে অনেকটা ভোঁতা হয়ে গেছে।
প্রথম আলো: সরকারের লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে কি প্রকৃত মুদ্রানীতি করা যাচ্ছে?
বিরূপাক্ষ পাল: কেন্দ্রীয় ব্যাংকের কিছু স্বাধীনতা আছে। সরকার চলতি অর্থবছরে (২০১৬-১৭) জিডিপি লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৭ দশমিক ২ শতাংশ। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জিডিপির লক্ষ্য ঠিক করেছি ৭ দশমিক ১ থেকে ৭ দশমিক ৩ শতাংশ। আমাদের নিজস্ব হিসাবেই এটা বের হয়েছে। জিডিপির হিসাবের ক্ষেত্রে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকও সরকারের লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকে। তার অন্যতম কারণ হতে পারে, সমন্বয় কমিটির সভায় বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। একইভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ আসে। কারণ, উচ্চ মূল্যস্ফীতিতে সরকারের জনপ্রিয়তা কমে।
প্রথম আলো: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কৌশল কি কাজে আসছে?
বিরূপাক্ষ পাল: উন্নত বিশ্বে যেভাবে হয়, বাংলাদেশে সেভাবে হয় না। তবে বাংলাদেশেও কৌশলগুলো কাজে লাগে। যেমন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির সঙ্গে মূল্যস্ফীতির একটা ভালো সম্পর্ক আছে। তিন বছর আগে যখন বেসরকারি ঋণ বেড়ে গিয়েছিল, তখন মূল্যস্ফীতিও বেড়েছিল। আমরা হিসাব করে দেখেছি, বেসরকারি ঋণ ও মূল্যস্ফীতির মধ্যে ৫৬ শতাংশ সম্পর্ক আছে। যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে, তখন বুঝতে হবে অন্য কোন বিষয় সেখানে চলে আসছে। আর সেটা হলো সরবরাহ অভিঘাত। গত তিন বছর ধরে বেসরকারি খাতে ঋণ বাড়ছে, পাশাপাশি মূল্যস্ফীতিও কমছে। তার মানে, মুদ্রানীতি কি কাজ করছে না। অবশ্যই করছে, এ সময়ে সরবরাহ অভিঘাত বেড়ে গিয়েছিল, বিশ্বব্যাপী তেল ও খাদ্যপণ্যের দাম কমেছে। অপরদিকে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনও অনেক বেশি হয়েছে। এ দুটো কারণেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল। যদি কোনো বছর বৃষ্টি বেশি হয়, সেবার খাদ্য বেশি উৎপাদন হবে। উৎপাদন বেশি হলে খাদ্যের দাম কম থাকবে। ফলে খাদ্য মূল্যস্ফীতি কমবে, যার প্রভাব পড়বে সার্বিক মূল্যস্ফীতিতে। এসব বিভিন্ন বিষয় হিসাব করে দেখা যাচ্ছে, মুদ্রা সরবরাহের সঙ্গে মূল্যস্ফীতির ভালো একটা সম্পর্ক আছে। দিন দিন এ সম্পর্ক আরও প্রকট হচ্ছে।
প্রথম আলো: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কি বাংলাদেশ ব্যাংকের বাড়তি কোনো উদ্যোগ আছে?
বিরূপাক্ষ পাল: প্রতিবেশী দেশগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেছে। আমরাও মুদ্রানীতিতে মূল্যস্ফীতির দিকে বেশি নজর রেখেছি। এ কারণে বেসরকারি ঋণপ্রবাহ বাড়ানো হয়েছে, তবে সতর্কভাবে বাড়ানো হয়েছে। এবারের মুদ্রানীতির সতর্কতা ঋণের মান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার দিকে। ঋণের ব্যবহার যাতে উৎপাদনশীল খাতে হয়, গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়ে, এ বিষয়ে আমরা সতর্ক।
প্রথম আলো: মুদ্রানীতির মাধ্যমে একজন সাধারণ চাকরিজীবীর কিছু পাওয়ার থাকে কি?
বিরূপাক্ষ পাল: একজন সাধারণ চাকরিজীবীর সঙ্গে রাজস্ব নীতির সরাসরি যতটা সম্পর্ক থাকে, মুদ্রানীতির সঙ্গে ততটা নয়। তবে মুদ্রানীতির সঙ্গেও সাধারণ চাকরিজীবীদের একটা ভালো সম্পর্ক থাকে। যেমন বাংলাদেশ ব্যাংক যদি বেশি টাকা ছাপায়, তাহলে ওই চাকরিজীবী কিন্তু বাজারে গিয়ে আগের দামে পণ্য কিনতে পারবেন না। তাই রাজস্ব নীতিতে কর বাড়লে যদি একজন চাকরিজীবী সরাসরি আঘাতপ্রাপ্ত হন, ঠিক তেমনি মুদ্রা সরবরাহ বাড়লেও একই ব্যক্তি পরোক্ষভাবে আঘাতপ্রাপ্ত হবেন। যদিও আমাদের দেশে কর বাড়লে সবাইকে সজাগ থাকতে দেখা যায়, কিন্তু মুদ্রানীতি নিয়ে তেমন একটা সরব থাকতে দেখা যায় না। বাংলাদেশ ব্যাংক মুদ্রা ব্যবস্থাপনা সঠিকভাবে না করলে চাকরিজীবীর জীবনও দুর্বিষহ হয়ে যাবে। তিন বছর ধরে আমরা মুদ্রা ব্যবস্থাপনা ভালোভাবে করছি বলে কেউ এটা নিয়ে উচ্চবাচ্য করছে না।
প্রথম আলো: তাহলে কি বলতে চাচ্ছেন মুদ্রানীতি সফলভাবে কাজ করছে?
বিরূপাক্ষ পাল: মুদ্রানীতি প্রণয়নের আগে দফায়-দফায় সভা হয়। আমেরিকাতেও একই প্রক্রিয়ায় মুদ্রানীতি প্রণীত হয়। সবাই সবার মতো মতামত দেয়, গভর্নর চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে উন্নয়নশীল কোনো দেশে মুদ্রানীতি শতভাগ সফলভাবে কাজ করে না। যেমন একটি গাড়িতে তেল দেওয়ার পরও সঠিকভাবে কাজ না-ও করতে পারে। কারণ, সড়ক খারাপ থাকতে পারে, ফলে তেলের সরবরাহ অনুযায়ী গাড়ি না-ও চলতে পারে। একইভাবে আমাদের অর্থনীতিতে বড় একটা খাত অপ্রাতিষ্ঠানিক। পাশাপাশি মুদ্রানীতি বাস্তবায়নের যে চ্যানেলগুলো আছে, এটা ততটা প্রকট নয়। উন্নত দেশে মুদ্রানীতির সঙ্গে শেয়ারবাজারের ভালো সম্পর্ক আছে, তবে বাংলাদেশে তেমনটা নেই। বাংলাদেশের শেয়ারবাজার দুর্বল হওয়ায় মুদ্রানীতি শেয়ারবাজারকে প্রভাবিত করতে পারছে না। আবার দেশের ব্যাংক ব্যবস্থার মধ্যে বড় অঙ্কের খেলাপি ঋণ আছে, খেলাপি ঋণ হলো কৃষ্ণগহ্বরের মতো। এটা অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে। তবে ঋণ ও মূল্যস্ফীতির মধ্যে ৫৬ শতাংশ সম্পর্ক থাকা মানে মুদ্রানীতি কাজ করছে। এটাও তো ঠিক, মুদ্রানীতির সব লক্ষ্য অর্জন করা যাবে না। কাছাকাছি থাকলেই হবে। আমরাও লক্ষ্যগুলোর কাছাকাছি আছি। মুদ্রানীতি আরও ভালোভাবে বাস্তবায়ন করতে হলে সরকারি ব্যাংকগুলোর অদক্ষতা কমাতে হবে।
প্রথম আলো: খেলাপি ঋণ প্রতিনিয়ত বাড়ছে কেন? এটা মুদ্রানীতিকে কীভাবে আঘাত করছে?
বিরূপাক্ষ পাল: আমরা সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়াতে চাইলেও পারছি না। এ জন্য ঋণ ও আমানতের মধ্যে সুদের হারের ব্যবধান (স্প্রেড) কমাতে হবে। ব্যাংকগুলো বলে, খেলাপি ঋণ বেশি থাকায় স্প্রেড কমানো যাচ্ছে না। সেই হিসাবে বলা যায়, খেলাপি ঋণ মুদ্রানীতি বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে। আর্থিক খাতের গতি বাড়াতে এ খাতের মামলাগুলো দ্রুত সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে।
প্রথম আলো: বেসরকারি ঋণ হু হু করে বাড়ছে। এত টাকা যাচ্ছে কোথায়?
বিরূপাক্ষ পাল: আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গত বছর আগস্ট পর্যন্ত বেসরকারি ঋণ কমেছিল। এরপর বাড়তে শুরু করেছে। এসব অর্থ উৎপাদনশীল খাতে যাচ্ছে কি না, তা চিন্তার বিষয়। ব্যাংকঋণকে উৎপাদনশীল খাতে নিতে কেন্দ্রীয় ব্যাংক নজরদারি আরও বাড়াবে। উৎপাদনশীল খাতে ঋণ গেলে কোনো ক্ষতি নেই। তবে অনুৎপাদনশীল খাতে বা শেয়ারবাজারে গেলে অর্থনীতির মধ্যে বুদ্বুদ তৈরি করবে। এটা কোনোভাবে ফেটে গেলে অর্থনীতির মধ্যে বিপর্যয় নেমে আসবে। চাহিদা থাকা সত্ত্বেও আমরা বেসরকারি খাতে ঋণ সেভাবে বাড়াইনি। এখন এসে আমরা ঋণের গুণগত মান বাড়ানোর চেষ্টা করছি। আমরা যে মুদ্রা সরবরাহ দিয়েছি, তা দিয়ে কাঙ্ক্ষিত জিডিপি অর্জন সম্ভব। এ কারণে আমরা মুদ্রানীতিকে বলেছি সতর্ক ও সংকুলানমূলক। ঋণ উৎপাদনশীল খাতে নিতে সতর্ক, মূল্যস্ফীতির বিষয়ে সতর্ক। আর সংকুলান করছি কাঙ্ক্ষিত জিডিপি।