মুদ্রানীতি বিনিয়োগ ও প্রবৃদ্ধিবান্ধব
বাংলাদেশ ব্যাংক তাদের ভাষায়, আগেকার ধারাবাহিক সতর্ক, বিনিয়োগ ও প্রবৃদ্ধিবান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘নতুন ঘোষিত মুদ্রানীতি কার্যক্রমটি সতর্ক ভঙ্গির এবং যে কারণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের মাত্রা সম্পর্কে সতর্কতার কথা বলা হয়েছে, যদিও এ মুহূর্তে এদিক থেকে আশু কোনো উদ্বেগের বিষয় নেই।’
গভর্নর জানান, এখন পর্যন্ত সরকারের ঋণ গ্রহণের মাত্রাও বেশ পরিমিত। অর্থবছরের শেষ পর্যন্ত এমনটাই থাকবে আশা তাঁর।
নতুন মুদ্রানীতিতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কাছাকাছি হবে বলে প্রাক্কলন করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ থেকে ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
চলতি অর্থবছরের শেষ ছয় মাস অর্থাত্ জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা ও সংবাদ সম্মেলনে আজ সোমবার বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য প্রকাশ পেয়েছে।
প্রবৃদ্ধি প্রাক্কলন সম্পর্কিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, তাঁরা যখন ত্রৈমাসিক প্রকাশ করেন, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ পরিস্থিতি কথা ভেবে প্রবৃদ্ধির হার কম হওয়ার শঙ্কা করছিলেন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটায় উন্নতি হয়েছে। যে কারণে নতুনভাবে প্রক্ষেপণ করছে কেন্দ্রীয় ব্যাংক।
জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। এই লক্ষ্যমাত্রা বিগত মুদ্রানীতিতেও নির্ধারিত ছিল। কিন্তু সেটা অর্জিত হয়নি। অভ্যন্তরীণ ও বিদেশ থেকে আনা ঋণ নিয়ে বিগত সময়ে বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এই অর্থ জোগান দেওয়ার সংস্থান রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে আজ আয়োজিত সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।