মুদ্রানীতিতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতিতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। তবে দু-একটি বিষয় ইতিবাচক রয়েছে। মুদ্রানীতি নিয়ে পুঁজিবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন অভিমত ব্যক্ত করেছেন।আজ বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ২০১২-১৩ অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) জন্য কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করেন।এ বিষয়ে জানতে চাইলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি মুদ্রাবাজারের জন্য, পুঁজিবাজারের জন্য নয়।তবে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ২.৫ শতাংশ ঋণপ্রবাহ বাড়ানো ও আর্থিক প্রতিষ্ঠানে তারল্য বাড়ানোর বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন লালী। তিনি বলেন, এতে দেশের অর্থনীতিতে আর্থিক প্রবাহ বেড়ে যাবে, যার প্রভাবে পুঁজিবাজারেও তারল্য প্রবাহ বাড়বে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ এ বিষয়ে বলেন, ‘আপাতদৃষ্টিতে মুদ্রানীতিতে পুঁজিবাজার নিয়ে নেতিবাচক কিছু নেই। তাই আমরা একে ইতিবাচক হিসেবে দেখছি’।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি তানজিল চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা মুদ্রানীতিকে ইতিবাচক হিসেবে নিচ্ছি। তবে নিয়ম অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নির্ধারিত অংশ অর্থাত্ আমানতের ১০ শতাংশ বিনিয়োগে বাধ্যবাধ্যকতা থাকলে ভালো হতো। এ ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কর সুবিধা দিলে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী হতো।’ তিনি আরও জানান, বর্তমানে তফসিলি ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ নির্ধারিত অংশের অনেক নিচে রয়েছে।তবে আজকের ঘোষিত মুদ্রনীতিকে আগের ধারাবাহিকতা হিসেবে অভিমত দিয়েছেন শেয়ারবাজার-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ। এ ছাড়া এই মুদ্রানীতি বাজারে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তিনি।