মুদ্রানীতিতে বেসরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবসম্মত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তা দিয়ে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্য বাস্তবসম্মত হয়নি। আগামী এক বছরের জন্য বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্য ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। বিদায়ী বছরে ঋণপ্রবাহের হার ছিল ৮ দশমিক ৪ শতাংশ। তাই ঘোষিত লক্ষ্য পূরণ করতে হলে এক বছরে ঋণপ্রবাহে প্রবৃদ্ধি প্রায় দ্বিগুণ করতে হবে। কিন্তু করোনার সময়ে ব্যক্তি খাতে ঋণ দেওয়া কঠিন। আবার ব্যক্তি খাতের বিনিয়োগ শুধু ঋণপ্রবাহ বাড়িয়ে হয় না, বিনিয়োগ পরিবেশেরও দরকার হয়।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক মুদ্রানীতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গতকাল মঙ্গলবার অনলাইনে ‘সাম্প্রতিক মুদ্রানীতি কি অর্থনীতির বর্তমান চাহিদা মেটাতে পারবে?’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এই বিষয়ে ব্রিফিং করেন।

সিপিডি বলছে, ছয় বছর ধরে মুদ্রানীতিতে প্রবৃদ্ধির যে লক্ষ্যের কথা বলা হয়েছিল, শুধু একবার সেই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। বাকি পাঁচবার এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি। অন্যদিকে গত আট বছরের মধ্যে মাত্র দুবার ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, ‘বর্তমানে করোনা সংকট চলছে। আগামী এক বছরে দেশের ৭০-৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে বলে আমরা মনে করছি না। তাহলে বেসরকারি খাতে বিনিয়োগ, কর্মসংস্থানে গতি কীভাবে আসবে? অর্থনীতি কীভাবে আগের জায়গায় ফেরত যাবে? মুদ্রানীতিতে চলতি ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যের কথা বলা হয়েছে। করোনার মধ্যে যদি অর্থনীতি ভালোভাবে চলে, তবেই এই লক্ষ্য অর্জন সম্ভব। কিন্তু বিশ্বব্যাংকসহ অন্য দাতা সংস্থাগুলো চলতি অর্থবছরের এমন উচ্চ প্রবৃদ্ধির আভাস দেয়নি।’

সিপিডি আরও বলেছে, বর্তমানে অর্থনীতিতে থাকা অধিক তারল্য ব্যবহারে বৈচিত্র্য আনতে হবে।

ঋণের টাকা ফেরত আসা নিয়ে চিন্তিত ব্যাংক

করোনার ক্ষতি পোষাতে সরকার স্বল্প সুদে যে প্রণোদনা ঘোষণা করেছে, সেখান থেকে বড় উদ্যোক্তারা বেশি ঋণ পেয়েছেন বলে মনে করে সিপিডি। তারা বলছে, ছোট উদ্যোক্তারা বলতে গেলে প্রণোদনার ঋণ পাননি। সরকার ঘোষিত প্রণোদনার প্রায় ৮০ শতাংশই ব্যাংকঋণনির্ভর। এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, প্রণোদনা কর্মসূচির মাধ্যমে দেওয়া ঋণের টাকা ফেরত আসবে কি না, তা নিয়ে চিন্তিত ব্যাংকগুলো। কারণ, ইচ্ছে করে ঋণখেলাপি হওয়ার প্রবণতা এ দেশে আছে। করোনার মতো অতিমারির সংকটে এই সুযোগে অনেকে ইচ্ছে করে ঋণখেলাপি হয়ে যেতে পারেন। বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে সম্প্রতি ঘোষিত মুদ্রানীতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সিপিডির নির্বাহী পরিচালক মনে করেন, প্রণোদনার টাকা বড় উদ্যোক্তারা ব্যবহার করতে পারছেন। কিন্তু ছোট উদ্যোক্তারা প্রণোদনার অর্থই তেমন পাচ্ছেন না। ফলে ছোটরা ঘুরে দাঁড়াতে পারছেন না। এতে অতিমারির এ সময়ে বৈষম্য বেড়ে যাওয়ার শঙ্কা আছে।

শেয়ারবাজারে যাচ্ছে টাকা!

সিপিডি মনে করে, বর্তমানে বাজারে অধিক তারল্য আছে। তাই উৎপাদনশীল খাতে অর্থ না গিয়ে শেয়ারবাজারে যাচ্ছে কি না, তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছে এই গবেষণা সংস্থা। সিপিডি বলছে, বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, প্রণোদনার অর্থ শেয়ারবাজারে যাচ্ছে। সিপিডি মনে করে, করোনার কারণে বর্তমানে অর্থনীতির যে অবস্থা, তাতে শেয়ারবাজার চাঙা হওয়ার কারণ নেই।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এই বিষয়ে বলেন, ইদানীং সন্দেহজনক স্টকে বিনিয়োগ বাড়ছে। এ বিষয়ে ঘনিষ্ঠভাবে নজরদারির প্রয়োজন আছে। কোথাও “ফাউল প্লে’ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পুঁজিবাজার বিনিয়োগের জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি শেয়ারের দাম বাড়িয়ে টাকা বানানোর জন্য ব্যবহার হচ্ছে—তা বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি খুঁজে বের করতে পারে।

অন্যান্য
প্রবাসী আয় অধিক তারল্য সৃষ্টি করছে কি না—এমন প্রশ্নের জবাবে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, করোনার সময়ে বিভিন্ন পরিবারের আয় কমেছে, তাদের সহায়তা করার জন্য বিদেশ থেকে প্রবাসী আয় আসছে। ২ শতাংশ নগদ প্রণোদনাও বৈধ পথে প্রবাসী আয় পাঠানোকে উৎসাহিত করেছে। এ অবস্থায় প্রবাসী আয়ের অর্থ বন্ডে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা উচিত।

সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম বলেন, আগামী কয়েক মাস অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সময়ের মধ্যে বিশাল জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে পারলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে।