মুদ্রানীতির কুশলী বাস্তবায়নে মূল্যস্ফীতি কমে আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, মুদ্রানীতির কুশলী বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা হবে। রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় সাধন করতে পারলে মূল্যস্ফীতির হার এক অঙ্কে নেমে আসবে।চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে গতকাল রোববার সকালে আয়োজিত আঞ্চলিক টাউন হল সভায় ‘শাখা পর্যায়ে ব্যাংকিংয়ে উৎকর্ষ ও সমন্বয়ে উন্নয়ন’ বিষয়ক সেমিনারে আতিউর রহমান এসব কথা বলেন। সেমিনারে তিনি প্রধান অতিথি ছিলেন। ব্যাংক সুপারভিশন বিষয়ে আঞ্চলিক পর্যায়ে প্রথম এ সভা ও সেমিনারে চট্টগ্রাম ও সিলেট এলাকার তদারককারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আয়োজন করে ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা।সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, ব্যাংকিং সুপারভিশন উপদেষ্টা গ্লিন টাস্কি, জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের মহাব্যবস্থাপক মাছুম কামাল ভূঁইয়া। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী।সেমিনারে গভর্নর ব্যাংকিং উৎকর্ষের স্বার্থে বিশ্বব্যাপী ব্যাংকিং নীতিমালার পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনা সনাতনী পদ্ধতিগুলোর পরিবর্তন ও বিভিন্ন ত্রুটিবিচ্যুতি নিরসনের ওপর জোর দেন। এ প্রসঙ্গে চলমান ব্যাংকঋণ কার্যক্রমে ‘সর্বোত্তম চর্চা’ (বেস্ট প্র্যাকটিসেস) অবলম্বনের ওপর গুরুত্ব দেন তিনি। গভর্নর বলেন, ‘ব্যাংকঋণ জোগান কার্যক্রমে এর মানে হলো বৈধ ও অর্থনীতির স্বার্থে বাঞ্ছনীয় খাতে ঋণ মঞ্জুরির আগে ঋণ দায় শোধে গ্রহীতার সামর্থ্য ও সদিচ্ছার সতর্ক মূল্যায়ন এবং ঋণ দেওয়ার পর থেকে তা পুরোপুরি আদায় হওয়া পর্যন্ত প্রতিটি ঋণ হিসাবের সতর্ক তদারকী।’আতিউর রহমান ব্যাংকের তারল্যসংকটের বিষয়ে বলেন, ‘ব্যাংকগুলোর তারল্যের গতিধারার পরিমাপ ও ব্যবস্থাপনার নজরদারি আমরা জোরদার করব। তারল্য ঝুঁকির ব্যবস্থাপনা ব্যাংকগুলোর নিজ নিজ দায়িত্ব, অন-সাইট পরিদর্শনে আমরা নজর রাখব।’তারল্য পর্যাপ্ততার দুটি পরিমাপের (লিকুইডিটি কভারেজ রেশিও এবং নিট স্ট্যাবল ফান্ডস রেশিও) প্রবর্তন এখন প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, ‘ব্যাংকগুলো থেকে এ বিষয়ে প্রাসঙ্গিক উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।’সেমিনারে গভর্নর আরও জানান, গ্রাহক পর্যায়ে ক্ষোভ বা অভিযোগের ত্বরিত প্রতিকারের জন্য ১৬২৩৬-এ হটলাইন নম্বরে অভিযোগ করা যাবে।সেমিনারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম ও সিলেট কার্যালয়ের সুপারভিশন-সংক্রান্ত উপমহাব্যবস্থাপক, যুগ্ম পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক পর্যায়ের ১৩০ জন কর্মকর্তা অংশ নেন।