মুদ্রানীতির বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রানীতি বাস্তবায়ন ও বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সংশয়-সন্দেহ প্রকাশ করেছেন।তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবারের মুদ্রানীতি বাস্তবায়নযোগ্য বলে মত দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এমন কোনো আচরণ সরকার এখনো করেনি।‘মুদ্রানীতি কি মূল্যস্ফীতিকে বশে আনতে পারে?’ শীর্ষক আলোচনায় গতকাল শনিবার এমন মতামত প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে। অর্থনীতি সমিতির সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত্, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলী খান, কেন্দ্রীয় ব্যাংকের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সভাপতি মনোয়ার হোসেন। আলোচনায় অর্থনীতিবিদেরা কেবল মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে মত দেন। তাঁরা বলেন, মূল্যস্ফীতিকে বশে রাখতে মুদ্রানীতির সঙ্গে সরকারের রাজস্বনীতি ও অন্যান্য নীতির সমন্বয় ঘটাতে হবে।অন্যদিকে এবারের মুদ্রানীতি বাস্তবায়নযোগ্য বলেই দৃঢ় মত প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আতিউর রহমান বলেন, খাদ্যমূল্য নিয়ন্ত্রণে মুদ্রানীতি তেমন কার্যকর নয়, বরং খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। গভর্নর আরও বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার চার শতাংশের ঘরে রয়েছে। একে নিয়ন্ত্রণে রেখে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল খাতকে বাংলাদেশ ব্যাংক উৎসাহিত করছে। সম্প্রতি ঘোষিত কৃষিঋণ নীতিমালায় সেই অবস্থান তাঁরা নিয়েছেন। অন্যদিকে অনুৎপাদনশীল খাতে যাতে ঋণ বেশি না যায়, সে চেষ্টাও তাঁরা করছেন। এক উদ্দেশ্যে নেওয়া ঋণ যাতে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা না হয়, সে জন্য তাঁরা নজরদারি জোরদার করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনবিষয়ক প্রশ্নের জবাবে গভর্নর বলেছেন, বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবেই কাজ করছে। স্বাধীনতা ক্ষুণ্ন হতে পারে এমন কোনো আচরণ সরকার এখনো করেনি। তিনি আরও বলেন, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে। তবে মির্জ্জা আজিজ বলেন, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিয়ে তাঁর সংশয় সৃষ্টি হয়েছে। মির্জ্জা আজিজ আরও বলেন, সাম্প্রতিক অভিজ্ঞতায় দেখা যায়, মুদ্রানীতির ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে না। তিনি বলেন, আর্থিক ব্যবস্থার অর্ধেকটাই সরকারের মালিকানাধীন। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালীন তিনি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোম্পানিতে রূপান্তর করেছিলেন। কিন্তু বর্তমানে এসব ব্যাংকের পর্ষদ আবার রাজনৈতিক প্রভাবের মধ্যে ঢুকে পড়েছে। অন্যদিকে সরকারি ঋণের ওপর নিয়ন্ত্রণ না থাকলে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা বাস্তবায়ন সম্ভব নয় বলে মির্জ্জা আজিজ মত প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিতরণ করা ঋণের সঠিক ব্যবহার নিয়েও সংশয় প্রকাশ করেন। তাঁর ধারণা, এই ঋণের বড় অংশই অনুৎপাদনশীল খাতে যাচ্ছে।এ প্রসঙ্গে ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান জানান, তাঁরা নমুনা জরিপ করে দেখেছেন, কৃষিঋণের যথাযথ ব্যবহার হচ্ছে।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বর্তমান মূল্যস্ফীতি দেশের বাইরে থেকে এসেছে। এ ছাড়া বাংলাদেশের বাজারও ঠিকমতো কাজ করে না। সরকারি প্রতিষ্ঠান টিসিবির তেমন কার্যকারিতা নেই। হঠাৎ করে মন্ত্রী বাজারে গেলেন, কিছু বললেন, এসব দিয়ে বাজার তদারকি হবে না। জায়েদ বখত্ বলেন, বাংলাদেশের মতো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি তেমন ভূমিকা রাখতে পারে না। মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের ফলে চাহিদা ব্যবস্থাপনায় কিছু প্রভাব পড়ে। তবে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় ব্যাংক ধরে রাখতে পারবে কি না তা নিয়ে তিনিও প্রশ্ন তোলেন।আল্লাহ মালিক কাজেমী বলেন, বিশ্ব অর্থনীতিতে মন্দার পর সরকারের নীতিকে বাংলাদেশ ব্যাংক সহায়তা দিয়েছে। মন্দার পর এখন অর্থনীতি বেশ সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, গত দুই-তিন বছরে দেশের অর্থনীতি একটু সাধারণ প্রবণতার বাইরে আচরণ করেছে। এ কারণে মুদ্রানীতির কর্মসূচি ও বাস্তবায়নে পার্থক্যটা একটু বেশি। জাহিদ হোসেন বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি-উদ্দেশ্য অনেক। তবে মুদ্রানীতির হাতিয়ার সীমিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিময় হার স্থিতিশীল রাখাই মুদ্রানীতির প্রধান অগ্রাধিকার হতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি রাজস্ব নীতির ওপর ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ঋণ প্রবৃদ্ধি উৎপাদনশীল কিংবা অনুৎপাদনশীল খাতে কতটুকু যাবে তা তদারক করা খুবই কঠিন।