মুদ্রাবাজারে তারল্য প্রবাহ বেড়েছে
বাংলাদেশ ব্যাংক গতকাল পাঁচটি প্রাথমিক ডিলার ব্যাংকের কাছ থেকে ২৫০ কোটি টাকার ট্রেজারি বিল ও বন্ড কিনে (বাই ব্যাক) নিয়েছে। ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার (এসএলআর) প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থ এ খাতে বিনিয়োগ করতে হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ব্যবস্থাপনার আওতায় এগুলো এই প্রাথমিক ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করেছিল। কিন্তু ডিলার প্রতিষ্ঠানগুলোর বাজারে চাহিদা না থাকায় অন্যদের কাছে তা বিক্রি করতে পারছিল না। এ পরিস্থিতিতে এই ব্যাংকগুলোর নগদ অর্থপ্রবাহে টানাটানি ছিল।এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক গতকাল অগ্রণী, জনতা, উত্তরা, এনবিএল ও প্রাইম ব্যাংক প্রত্যেকের কাছ থেকে ৫০ কোটি টাকার স্বল্পমেয়াদি ট্রেজারি বন্ড ক্রয় করে নিয়েছে। ফলে এই নগদ অর্থ এখন মুদ্রাবাজারে ঢুকে পড়েছে। এর আগেও কেন্দ্রীয় ব্যাংক মেয়াদ পূর্তির আগেই গত ১০ মে পর্যন্ত ৩৮১ কোটি ৩০ লাখ টাকার ট্রেজারি বিল কিনেছে।এগুলো আইএলএলএসএল, লংকাবাংলা, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল, জনতা, এনবিএল ও অগ্রণী ব্যাংকের কাছ থেকে ক্রয় করা হয়েছে।