মুদ্রাবাজারে তারল্য সংকট নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর ধরেই বাংলাদেশে আমানত ও ঋণের সুদের হারের (স্প্রেড) ব্যবধান কমছে। এ মুহূর্তে মুদ্রাবাজারে কোনো তারল্য সংকটও নেই। গত আগস্ট মাস শেষে বাণিজ্যিক ঋণের সুদের হার ছিল ১০ দশমিক ২৪ শতাংশ এবং আমানতে সুদের হার ৫ দশমিক ৪৪ শতাংশ। আর এ দুইয়ের সুদের হারে পার্থক্য ৪ দশমিক ৮০ শতাংশ।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ ব্যাংকিং সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী উপস্থাপিত এক প্রবন্ধে এ কথা বলা হয়েছে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ সম্মেলনের আয়োজন করে বহুজাতিক অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ফ্লেমিং।
অনুষ্ঠানে সুর চৌধুরী আরও বলেন, কল মানি সুদের হারও এখন বেশ কম। গত সেপ্টেম্বর মাসে গড়ে কল মানি সুদের হার ছিল ৩ দশমিক ৬৪ শতাংশ।
অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা প্রযুক্তি ও জালিয়াতি, ভবিষ্যতের ব্যাংকিং খাত, আন্তদেশ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব অধিবেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক আহসান হাবিব, মালয়েশিয়ার কাপাগাম টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক ক্লিমেন্ট আরুল, ভারতের ইয়েস ব্যাংকের জ্যেষ্ঠ পরামর্শক অজয় কুমার, সংযুক্ত আরব আমিরাতের নিমাই ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের ব্যবস্থাপনা অংশীদার নিসর্গ দুগাড প্রমুখ। বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা দিনব্যাপী সম্মেলনে অংশ নেন।