মুদ্রাবাজারে নগদ অর্থের বড় ধরনের ঘাটতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তব্যাংক মুদ্রাবাজারে নগদ অর্থের বড় ধরনের ঘাটতি দেখা হয়েছে। ফলে স্বল্প সময়ের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুদ্রাবাজার থেকে গতকাল মঙ্গলবার বার্ষিকভিত্তিতে সর্বোচ্চ ৬১ শতাংশ সুদে (কলমানি রেট) অর্থ ঋণ করতে হয়েছে। গ্রাহকের আমানতের নিরাপত্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও বা এসএলআর) এবং এর নগদ অংশ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বৃদ্ধি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এরই প্রাক-প্রস্তুতি হিসেবে ব্যাংকগুলো তাদের বিধিবদ্ধ সংরক্ষণ সংগ্রহ ও গ্রাহকের দৈনন্দিন চাহিদা মেটাতে মুদ্রাবাজারের শরণাপন্ন হলে নগদ অর্থের হাহাকার তৈরি হয়েছে বলে জানা গেছে। মুদ্রাবাজার থেকে গতকাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কলমানিতে সুদ গুনতে হয়েছে ৩৫ থেকে ৬১ শতাংশ পর্যন্ত। এর মধ্যে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেই সবচেয়ে বেশি সুদে কলমানি নিতে হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। এদিকে মুদ্রাবাজারে নগদ অর্থের ঘাটতি শেয়ারবাজারে ইতিমধ্যেই বড় ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। কেননা, বিশেষত, ব্যাংকগুলোর যে মার্চেন্ট ব্যাংক উইং আছে, তারা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির নির্দেশনা অনুসারে শেয়ারের ঋণসীমা বৃদ্ধি করছে না। তারা বরং সিআরআর সমন্বয়ে আগ্রহী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, আন্তব্যাংক মুদ্রাবাজারের (কলমানি) অর্থ শেয়ারবাজারে যাচ্ছে। ধারণা করা হয়, বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজার থেকে অর্থ প্রাপ্তিকে একটু বেশি ব্যয়বহুল করে রাখতে চাইছে। সাধারণভাবে কোরবানির ঈদে নগদ টাকার টানাটানি দেখা দেয়। এতে মুদ্রাবাজারে চাপ সৃষ্টি হয়ে কলমানির সুদের হার বাড়ে। তবে এবার কোরবানির ঈদের সময় কলমানির সুদের হার তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল। সে সময় কলমানির সুদ ছিল সর্বোচ্চ ২০ শতাংশের মধ্যে। বাংলাদেশ ব্যাংক সূত্রগুলো বলছে, গত ১৯ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক তাদের দুটি নীতিনির্ধারণী উপাদান রেপো (সরকারের ঋণ পণ্য ট্রেজারি বিল জমা রেখে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করা বা পুনঃ ক্রয় চুক্তি) ও রিভার্স রেপোর (রেপোতে নেওয়া ট্রেজারি বিল ফেরত দেওয়া বা পুনঃ ক্রয় চুক্তি) সুদের হার এক শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করে। এর মাধ্যমে আসলে ব্যাংকগুলোকে পরিষ্কার ইঙ্গিত দেয় যে, কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে ঢুকছে। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো তা খুব একটা আমলে নেয়নি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। উপরন্তু, চার মাস আগে দেওয়া সংকেতের পরও ব্যাংকগুলো তাদের তহবিল ব্যবস্থাপনার দিকে ততটা আগ্রহ দেখায়নি। এরপর ১৫ দিন আগে কেন্দ্রীয় ব্যাংক সিআরআর বৃদ্ধির ঘোষণা দিয়ে আজ থেকে তা কার্যকর করছে। কোনো কোনো ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে অবশ্য সময় বাড়ানোর দাবি করা হয়েছিল। কিন্তু তাতে সায় দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। কারণ এখন মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে, তাতে মুদ্রা সরবরাহের রাশ টানতে না পারলে তা আরও উসকে যেতে পারে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (সেপ্টেম্বর, ২০১০) বার্ষিক গড় মূল্যস্ফীতির হার আট শতাংশ ছাড়িয়ে গেছে, যা কিনা গত অর্থবছর শেষে (জুন, ২০১০) ছিল ৭ দশমিক ৩১ শতাংশ।আবার এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন দেশে রয়েছে। আইএমএফের প্রধান মনোযোগ হলো আর্থিক খাত। জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারকে ঘিরে যেসব পদক্ষেপ নিয়েছে তার প্রতি পুনঃ সমর্থন দিচ্ছে মিশনটি। একই সঙ্গে শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিভিন্ন ধরনের বিনিয়োগ-সীমা কমিয়ে আনার পদক্ষেপেও তাদের জোরালো সমর্থন রয়েছে। সংস্থাটি অনেক দিন ধরেই বাংলাদেশের শেয়ারবাজারে ব্যাংকগুলোর বেশি মাত্রায় জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করে আসছিল।এদিকে বাংলাদেশ ব্যাংক গত কয়েক দিনের মতো মুদ্রাবাজারে বড় অঙ্কের অর্থ ধার দিয়েছে। তবে তা চাহিদার তুলনায় ছিল অনেক কম। সূত্র জানায়, গতকাল রেপোর মাধ্যমে ২০টি ব্যাংককে ৭০১ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবার ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গতকাল তিন হাজার ৭৩৯ কোটি টাকার তারল্য সুবিধা দেওয়া হয়েছে। তবে প্রাইমারি ডিলাররা অভিযোগ তুলেছেন, তাঁদের কাছে যে পরিমাণ ট্রেজারি বিল রয়েছে তার অর্ধেক বিলের বিপরীতে অর্থ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অথচ বিধিতে ডিলারের বিলের বিপরীতে রেপো-সুবিধা দেওয়ার কথা বলা আছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ১ ডিসেম্বর থেকে এসএলআর বাড়িয়ে ১৯ শতাংশে নির্ধারণ করে। আগে এ হার ছিল সাড়ে ১৮ শতাংশ। এই এসএলআরের মধ্যে সাড়ে পাঁচ শতাংশ ছিল সিআরআর, যা এখন করা হয়েছে ছয় শতাংশ।ব্যাংকগুলোকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ছয় শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে পাঁচ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হবে। বর্তমানে নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে সাড়ে পাঁচ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম পাঁচ শতাংশ। অন্যদিকে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখাগুলোর জন্য এসএলআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ। আগে এই হার ছিল সাড়ে ১০ শতাংশ। এর ফলে দেশের ব্যাংকগুলো থেকে অন্তত দুই হাজার কোটি টাকা চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকে। আর বাজারে সার্বিকভাবে ঋণযোগ্য অর্থ কমে আসবে। এর প্রভাবে ঋণ ও শেয়ারবাজারে অর্থ প্রবাহে খানিকটা ভাটা পড়বে। এর আগে চলতি বছরের মে মাসে সিআরআর ও এসএলআর বাড়ানো হয়েছিল।