মুদ্রাবাজারে প্রতিযোগিতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মুদ্রাবাজার প্রকৃত কোনো বাজার হয়ে উঠতে পারেনি। এখানে কার্যত কোনো প্রতিযোগিতা নেই, আছে একধরনের একচেটিয়া ব্যবস্থা। প্রতিযোগিতামূলক বাজার হিসেবে বিকশিত হতে বাংলাদেশ ব্যাংকের দিক থেকেও যে ধরনের নীতি কাঠামো, সহায়তা ও হস্তক্ষেপ দরকার, তাও নেই। বরং অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ‘শৃঙ্খলা রক্ষার স্বার্থে’ হস্তক্ষেপ করে। মোরাল স্যুয়েশন বা নৈতিক প্রভাবের নামে টেলিফোনে ব্যাংকগুলোকে নির্দিষ্ট বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়।
দুই বছর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবিকে দিয়ে বাংলাদেশ ব্যাংক আমানতের সর্বোচ্চ সুদহার সাড়ে ১২ শতাংশ নির্ধারণ করে। এ সময় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি আমানতের সুদ বেঁধে না দিলেও তা যাতে সাড়ে ১২ শতাংশেই থাকে তার জন্য নজরদারি চালায়, সমীক্ষা করে কিছু ব্যাংককে সতর্কও করে। এভাবে ভিন্নপথে নিয়ন্ত্রিত বাজার তৈরি চেষ্টার কারণ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নিজেদেরকে আড়াল করা। আইএমএফের কাছ থেকে যে ১০০ কোটি ডলারের ঋণ নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক সরাসরি আমানতের সুদ বেঁধে দিলে তার শর্ত ভঙ্গ হতো।
বাজার পরিস্থিতি: অনুসন্ধানে জানা যায়, সোনালী ব্যাংক গত বছরের ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর এক হাজার ২০০ কোটি টাকা থেকে এক হাজার ৩৫০ কোটি টাকা পর্যন্ত অর্থ রিভার্স রেপোতে ৫ দশমিক ২৫ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংকের কাছে খাটায়। কিন্তু সে সময় মুদ্রাবাজারে কলমানির সুদহার ছিল ৭ শতাংশের মতো। সোনালী ব্যাংক কেন মুদ্রাবাজারে টাকা না খাটিয়ে রিভার্স রেপোতে খাটাল, তার জবাব মেলেনি।
আবার নভেম্বর মাসের শুরুর দিকে (৪ ও ৫ নভেম্বর) সোনালী, জনতা, অগ্রণী ব্যাংক ইসলামিক ফাউন্ডেশনের বড় অঙ্কের টাকা ১২ শতাংশ সুদে আমানতও নিয়েছে। অথচ ওই সময় মুদ্রাবাজারে কলমানির সুদ হার ছিল ৭ শতাংশের মতো। কেন রাষ্ট্র খাতের এসব ব্যাংক বেশি মূল্যে আমানত নিয়েছে তার জবাবও মেলে না।
অবশ্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে সেই সময় বলেন, ‘টাকাটা ১২ শতাংশ সুদে না নিলে হয়তো পরে আরেক সময় আমাদের কাছে টাকা খাটাত না ইসলামিক ফাউন্ডেশন।’
গোষ্ঠী প্রভাব: গত বছর অক্টোবর মাসে ব্যাংক খাতের মেয়াদি আমানতের সুদহারে গোষ্ঠীবিশেষে অনেক বড় ব্যবধান ছিল। অন্তত পাঁচ ধরনের সুদহার এ সময় দেখা যায়। যেমন: অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সুদহার ১৪ থেকে ১৫ শতাংশ, বিদেশি ব্যাংকের ১০-এর নিচে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোতে ১২ শতাংশ, প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংকে (পূবালী, উত্তরা) সাড়ে ১০ শতাংশ, দ্বিতীয় প্রজন্মের ব্যাংকে (প্রাইম, সাউথইস্ট, এনসিসি) ১১ থেকে ১১ দশমিক ২৫ শতাংশ, তৃতীয় প্রজন্মের (ফার্স্ট সিকিউরিটি, মার্কেন্টাইল, প্রিমিয়ার) বেসরকারি ব্যাংকের মেয়াদি আমানতের সুদহার ছিল ১২ থেকে সাড়ে ১২ শতাংশ।
এগুলো যেন অনেকটা সিন্ডিকেটের মতো। যেমন: সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি, বিডিবিএল, বেসিক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) গত বছর ৫ নভেম্বর একত্রে বসে সিদ্ধান্ত নেন যে তাঁদের মেয়াদি আমানতের সুদহার দশমিক ৫ শতাংশ কমাবে। মুক্তবাজার ব্যবস্থায় এভাবে কী সিদ্ধান্ত নেওয়া যায় কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্যাংক খাতে সরকারের আমানত ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে মাত্র ২৫ শতাংশ যায় বেসরকারি ব্যাংকে। বাকি ৭৫ শতাংশ আসে রাষ্ট্র খাতের ব্যাংকগুলোতে। রাষ্ট্র মালিকানাধীন এবং বেসরকারি উভয় ব্যাংককেই এই আমানত নিতে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগ আছে।
ব্যাংকগুলোতে একচেটিয়া ব্যবস্থা তৈরি করতে এমডিদের সংগঠন এবিবি ও ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবির তৎপরতা দেখা যায়। এবিবি, বিএবি মিলে আমানতের সুদহার বেঁধে দেওয়া থেকে শুরু করে ঋণ শ্রেণীকরণ, প্রভিশন নির্ধারণ—সব ক্ষেত্রেই প্রভাব তৈরি করে এবং কেন্দ্রীয় ব্যাংক তা অনেক ক্ষেত্রে অনুমোদনও করে। বাজারব্যবস্থায় যার কোনো সম্পর্ক নেই।
এসব বিষয়ে এবিবির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নূরুল আমিন তাঁর সময়কালে বলেন, ‘আমরা আমানতের সুদহার বেঁধে দিয়েছিলাম, যাতে অসুস্থ প্রতিযোগিতা না হয় সে জন্য।’ তবে তিনি বাজার গড়ে ওঠার বিষয়ে বলেন, আস্তে আস্তে সেদিকেই এগোচ্ছে ব্যাংকব্যবস্থা।
সরকারি সিকিউরিটিজ: ব্যাংক খাতে আমানত ও ঋণ বিতরণে নেতৃত্ব করছে বেসরকারি খাত। ২০১৩ সালের মার্চভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, মোট আমানতের ৬৯ ভাগ আর ঋণের ৭২ দশমিক ১২ ভাগ দেশি ও বিদেশি বেসরকারি ব্যাংকের হাতে রয়েছে। ঋণের সুদহার নির্ধারণেও এই ব্যাংকগুলোই নিয়ামক ভূমিকা রাখে।
ঋণপ্রবাহ কমে গেলেও এই ব্যাংকগুলোর মুনাফাতে তেমন কোনো প্রভাব পড়ে না। বিষয়টি এমন—সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে দেখা যায়, ব্যাংক খাতে যে প্রায় ৮৪ হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য ছিল, তার ৫২ হাজার কোটি টাকাই এই ব্যাংকগুলোর। ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের বাইরে যে মোট তারল্য, যা প্রায় এক লাখ ২০ হাজার কোটি টাকা; তার ৬৭ দশমিক ৩৮ ভাগই বিনিয়োগ করা আছে একেবারে ঝুঁকিহীন সরকারি সিকিউরিটিজে। এর থেকে ১১-১২ শতাংশের উচ্চ সুদ আয়ও হচ্ছে। যে কারণে ঋণ বিতরণের বাইরে অতিরিক্ত এই তারল্য সুদহার কমাতে সহায়ক হয়নি। ২০১৩ সালে রাজনৈতিক অসন্তোষ, বছরজুড়ে ব্যাংক খাতে বাড়তি তারল্য, বিনিয়োগ মন্দা পরিস্থিতিতে ব্যাংকের বিপুল পরিচালন মুনাফার পেছনে রয়েছে এই সরকারি সিকিউরিটিজ থেকে আয়।
এনসিসি ব্যাংকের এমডি নূরুল আমিন অবশ্য বলেন, সুদের হার কমতে শুরু করেছে। এনসিসি ব্যাংকের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই সাড়ে ১২, ১৩ ও ১৪ শতাংশ সুদে বেশ কিছু ঋণ বিতরণ করেছি।’
নূরুল আমিন আরও বলেন, ব্যাংকগুলো আমানত নেয় এক মাস, তিন মাস, ছয় মাস, এক বছর মেয়াদে। মেয়াদ শেষ না হলে আমানতকারীর সুদ কমানো যায় না। কিন্তু ঋণ অনুমোদনের জন্য প্রতিটি পরিচালনা পর্ষদের সভাতেই প্রস্তাব অনুসারে সুদের হার কমে আসছে।