মুদ্রাবাজারে ভারতীয় রুপির নাকাল দশা
মুদ্রাবাজারে ভারতীয় রুপির দরপতনের রেকর্ড অব্যাহত রয়েছে। মার্কিন ডলারের বিপরীতে গতকাল বুধবারও রুপির দরপতনের আরেকটি নতুন রেকর্ড হয়েছে।
এদিন প্রতি ডলারের বিনিময় হার ৬৪ দশমিক ৫২ রুপিতে উঠেছে। এটি হচ্ছে ডলারের বিপরীতে রুপির সর্বকালের সর্বনিম্ন দর। দিন শেষে অবশ্য দরটি ৬৪ দশমিক ১১ রুপিতে নেমে আসে।
আগের দিন মঙ্গলবার এই হার ছিল ৬৪ দশমিক ১৩ রুপি। তারও আগের দিন সোমবার ডলারের বিপরীতে রুপি সর্বকালের সর্বনিম্ন দরে বিনিময় হওয়ার (৬৩ দশমিক ১৩ রুপি) রেকর্ড হয়।
এদিকে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল জানিয়েছে যে তারা দীর্ঘমেয়াদি সরকারি বন্ড কেনার মাধ্যমে ব্যাংকব্যবস্থায় আট হাজার কোটি রুপি (এক হাজার ৩০০ কোটি ডলারের সমান) সরবরাহ করবে।
রুপির দরপতন ঠেকাতে মুদ্রা সরবরাহ কমানোর কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নিল আরবিআই। তবে ঋণ সরবরাহ বাড়াতে এমন পদক্ষেপ প্রত্যাশিতই ছিল।
কয়েক সপ্তাহ ধরেই ডলারের সঙ্গে কেনাবেচায় একের পর এক রুপির দরপতনের রেকর্ড হয়েই চলেছে। এই অবস্থায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে। সে অনুযায়ী দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ডলার বিক্রি করেছে।
বিশ্লেষক ও ব্যাংকাররা বলছেন, মাসের শেষ দিকে এসে আমদানিকারকদের কাছে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় এবং বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে অর্থ প্রত্যাবাসন করার কারণে মার্কিন মুদ্রাটির দাম বাড়ছে, আর ভারতীয় রুপির দর পড়ে যাচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকবে বলেও তাঁরা মনে করেন। কারও কারও মতে, রুপির আরও দরপতন অনিবার্য।
এদিকে আরবিআই ডলার বিক্রির ব্যাপারে সতর্কাবস্থার মধ্যে রয়েছে। কারণ, তাদের হাতে বর্তমানে ২৮ হাজার কোটি ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত আছে; যা দেশটির মাত্র ছয় মাসের আমদানি ব্যয়ের সমান। মুদ্রাবাজারে স্থিতিশীলতার জন্য আরবিআই। সূত্র: বিবিসি ও বিজনেস স্ট্যান্ডার্ড।