মুদ্রাবাজারের অস্থিরতার চাপ পুঁজিবাজারে
দেশের পুঁজিবাজারে এক সপ্তাহের বেশি সময় ধরে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেনের পরিমাণ কমছে। বাজারের স্থিতিশীলতা ধরে রাখতে ঋণসুবিধা বাড়ানো হয়েছে। কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সাধারণ মূল্যসূচক প্রায় ১৪৯ পয়েন্ট কমে আট হাজার ২০৬ পয়েন্টে নেমে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্যসূচক ৩৭৭ পয়েন্ট কমে হয়েছে ২৩ হাজার ১৩২। তবে সূচকের চেয়েও বেশি গতিতে কমছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ২৭০ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ২৮৭ কোটি টাকা কম। অথচ গত ৫ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ তিন হাজার ২৫০ কোটি টাকার লেনদেন হয়েছিল। মাত্র আট কর্মদিবসে লেনদেন কমেছে এক হাজার ৯৮০ কোটি টাকার মতো। ৫ ডিসেম্বর স্টক এক্সচেঞ্জটির সূচক উঠেছিল আট হাজার ৯১৮ পয়েন্টে। সেখান থেকে সূচক ৭০০ পয়েন্ট কমে গেছে। অন্যদিকে সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম।বাজারের এ অব্যাহত পতনকে বিশ্লেষকেরা দেখছেন মুদ্রাবাজারের অস্থিরতার প্রভাব হিসেবে। বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের আমানতের নিরাপত্তা হিসেবে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও বা এসএলআর) এবং এর নগদ অংশ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বাড়ানোয় মুদ্রাবাজারে নগদ অর্থের ঘাটতি দেখা দিয়েছে। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে স্বল্প সময়ের জন্য অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে উচ্চ সুদে (কলমানি রেট) অর্থ সংগ্রহ করতে হচ্ছে। এ কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ঋণসুবিধা বাড়ালেও বেশির ভাগ ক্ষেত্রেই তা কার্যকর করা যাচ্ছে না। উল্টো বিনিয়োগকৃত শেয়ার বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিতে হচ্ছে। ওই কর্মকর্তার মতে, এসব কারণে শেয়ারবাজারে তারল্য কমে যাওয়া অস্বাভাবিক নয়। তবে বাজারসংশ্লিষ্ট অনেকে মনে করেন, কেবল তারল্য ঘাটতিই সূচক ও লেনদেন কমার মূল কারণ নয়। এর পেছনে অন্য ঘটনাও রয়েছে। তাঁদের মতে, ব্রোকারেজ হাউসের প্রতিদিনের লেনদেনের ওপর নিরাপত্তা জামানতের হার (মেম্বারস মার্জিন) বাড়ানোর বিষয়টি স্টক এক্সচেঞ্জের সদস্যরা ভালোভাবে নেননি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে সদস্য মার্জিনের হার পরিবর্তন না করার দাবি জানানো হয়েছিল। কিন্তু এসইসি তাদের সিদ্ধান্ত কার্যকর করার সময় বাড়ালেও তা বাতিল করেনি। এ অবস্থায় এসইসিকে চাপে ফেলতে অনেক সদস্য ব্রোকারেজ হাউস পরিকল্পিতভাবে লেনদেন কমিয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।তবে ডিএসইর নেতৃস্থানীয় ব্যক্তিরা এ ধারণার সঙ্গে একমত হতে পারেননি। তাঁরা বলছেন, অভিযোগটি বাস্তবসম্মত নয়। নিয়ন্ত্রক সংস্থাকে বিপদে ফেলতে গিয়ে কেউ নিজের ব্যবসার ক্ষতি করতে চাইবে না। তা ছাড়া আগামী ২ জানুয়ারি পর্যন্ত বর্ধিত হারে সদস্য মার্জিন জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। বাজারের পতন ঠেকাতে এসইসি গত সোমবার মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে সমানুপাতিক (১: ১) হারে ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে। তার পরও গতকাল অনেক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস এসইসির বেঁধে দেওয়া অনুপাত অনুযায়ী ঋণ দিতে পারেনি। বাজার পরিস্থিতি: ডিএসইতে গতকাল লেনদেনের শুরু থেকেই সূচক কমতে থাকে। এ ধারা অব্যাহত ছিল শেষ পর্যন্ত। জানা গেছে, সূচক ব্যাপক হারে পড়তে শুরু করলে এসইসি থেকে অনেক প্রতিষ্ঠানে ফোন করে বিক্রির চাপ কমানোর পরামর্শ দেওয়া হয়। এতে কিছুটা হলেও সূচক রোধ করা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৪১টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। আর সিএসইতে মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ারের দাম।