মুদ্রার মান কমিয়ে রাখার প্রয়াসে উদ্বিগ্ন আইএমএফ
বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত প্রধান অর্থনীতির দেশগুলো নিজেদের মুদ্রার দর কমিয়ে রাখার জন্য যেভাবে অগ্রসর হচ্ছে, তা বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রয়াস থমকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক দমিনিক স্ট্রাসকাহন ফিন্যানশিয়াল টাইমসকে এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা এখন খুব পরিষ্কার যে বিভিন্ন দেশ মুদ্রার বিনিময়হারকে একটি নীতি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছে।’এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে বলেও সতর্ক করে দেন আইএমএফের প্রধান। তিনি এও বলেন, সরকারগুলো নিজেদের অভ্যন্তরীণ সমস্যা মেটানোর জন্য যদি বিনিময়হারকে ব্যবহার করে, তাহলে তা বিশ্ব অর্থনীতিতে মুদ্রার যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে।সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের মুদ্রার দর ঊর্ধ্বমুখী বা শক্তিশালী হয়ে ওঠার প্রবণতা ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আইএমএফের প্রধান এসব কথা বলেছেন।জাপানের কেন্দ্রীয় ব্যাংক ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো মুদ্রাবাজারে ইয়েন বিক্রি করেছে। সম্প্রতি মার্কিন ডলার ও ইউরোর বিপরীতে ইয়েনের দর ক্রমেই শক্তিশালী হয়ে ওঠায় তা রুখতে ব্যাংক অব জাপান এই পদক্ষেপ নেয়।এদিকে ব্রাজিলের সরকার বৈদেশিক মুদ্রায় সে দেশের বন্ড ক্রয়ের ওপর কর হার দ্বিগুণ করে দিয়েছে গত সোমবার থেকে। দেশটির অর্থমন্ত্রী গুইদো মানটেগা মুদ্রাযুদ্ধের (কারেন্সি ওয়ার) কথা উল্লেখ করেন।গুইদো মানটেগা বলেন, ‘আমরা এখন মুদ্রাযুদ্ধের মধ্যে আছি। এর মানে হলো, সাধারণভাবে সবাই যার যার মুদ্রার মান কমিয়ে রাখতে চাইছে। বিশ্বের অনেক দেশই এখন মনে করছে যে এভাবে মুদ্রার মান কমিয়ে রেখে নিজেদের অর্থনীতিতে গতিসঞ্চার করা যাবে।’এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও হংকংও তাদের মুদ্রার মান কিছুটা কৃত্রিমভাবে কমিয়ে রাখছে বা তাদের মুদ্রাকে খানিকটা দুর্বল করে রাখছে।মুদ্রার মান কমিয়ে রাখার মানে হলো মার্কিন ডলার বা ইউরোর সঙ্গে বিনিময়ের ক্ষেত্রে আগের তুলনায় বর্তমানে অধিক দেশজ মুদ্রা পাওয়া, যা প্রধানত রপ্তানিকারকদের সুবিধা দিয়ে থাকে।আর আমেরিকা ও ইউরোপ বহু দিন ধরে কৃত্রিমভাবে মুদ্রার মান কমিয়ে রাখার জন্য চীনকে দোষারোপ করে চলেছে।