মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি প্রশমন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতিকে সহনীয় মাত্রায় রাখার জন্য চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রা নিয়ন্ত্রণ তথা মুদ্রা সরবরাহ সংকোচন করাকে কৌশল হিসেবে ব্যবহার কতটা সুফল বয়ে আনবে তা অনিশ্চিত বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ।ঘোষিত মুদ্রানীতি অনুসারে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বর্তমানের তুলনায় ২০১০-১১ অর্থবছর শেষে ২৮ দশমিক ২৫ শতাংশ কমতে পারে। সেই সঙ্গে মুদ্রানীতির তারল্য তত্ত্ব অনুসারে সংকুচিত মুদ্রা সরবরাহ গড় সুদ বাড়াবে। এসব পদক্ষেপের ফলে ঋণ নেওয়ার ব্যয় বৃদ্ধি পাবে এবং ঋণ প্রাপ্তির সম্ভাবনা কমে যেতে পারে বলে মনে করছে উন্নয়ন অন্বেষণ। এ দুইয়ের সমন্বিত প্রভাবে সেবা ও শিল্প খাতনির্ভর বেসরকারি খাতের প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। প্রতিষ্ঠানটির আগস্ট মাসের অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।তবে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, নবায়নযোগ্য জ্বালানি ও অন্যান্য পরিবেশবান্ধব প্রকল্পের মতো খাতগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সমর্থিত অর্থায়ন কার্যক্রম সক্রিয় থাকার কৌশল অব্যাহত থাকবে বলে মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।এ বিষয়টি উল্লেখ করে উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, সেবা ও বড় শিল্পনির্ভর বেসরকারি খাতের গড় সুদের হার যাতে আর না বাড়ে এবং বিনিয়োগকারীরা যেন নিরুৎসাহিত না হয়, সেদিকেও কেন্দ্রীয় ব্যাংকের সজাগ দৃষ্টি রাখা উচিত। কারণ, মুদ্রানীতি ঘোষণাপত্রেই নতুন বিনিয়োগের বলিষ্ঠ প্রবৃদ্ধি অর্থনীতির জন্য প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।প্রতিষ্ঠানটি একই সঙ্গে চলতি অর্থবছরের জন্য কৃষিঋণ নীতিরও সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটি বলছে, কৃষিখাতে ঋণ প্রবাহ লক্ষ্য অনুযায়ী সন্তোষজনক হলেও দেখা যায় যে ঋণ বিতরণে শস্যের গুরুত্ব অনুযায়ী সময়োপযোগী বণ্টনের মধ্যে সমন্বয়হীনতা বিদ্যমান।এতে আরও বলা হয়েছে, ২০০৮-০৯ এবং ২০০৯-১০ অর্থবছরের ব্যাপক মুদ্রা ও মূল্যস্ফীতির পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে এদের মধ্যে কোনো সুনিদিষ্ট সম্পর্ক স্থাপিত হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের জুলাই মাস থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত সময়কালে মুদ্রা সরবরাহ প্রায় আড়াই লাখ কোটি টাকা থেকে বেড়ে প্রায় দুই লাখ ৯৬ হাজার কোটি টাকা হয়। কিন্তু এই সময়কালে মূল্যস্ফীতির গড় কমেছে। ২০০৮ সালে জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ১০ শতাংশ যা ২০০৯ সালের জুনে মাসে ৬ দশমিক ৬৬ শতাংশ নেমে আসে।উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুদ্রা সরবরাহ বৃদ্ধি বাংলাদেশের মূল্যস্ফীতির একমাত্র কারণ হয়তো নয়। এ ব্যাপারে আরও বেশি গবেষণার প্রয়োজন রয়েছে।প্রতিবেদনে এ সংক্রান্ত তথ্য উল্লেখ করে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অর্ধবার্ষিক মুদ্রানীতিতে ব্যাপক মুদ্রা ও রিজার্ভ মুদ্রার সরবরাহ এবং নগদ জমা ও তারল্য সংরক্ষণের বাধ্যবাধকতায় পরিবর্তন আনা হয়েছে।এই নীতি অনুসারে ব্যাপক মুদ্রা সরবরাহ ২২ দশমিক ৯ শতাংশ থেকে ৭ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১৫ দশমিক ২ শতাংশে এবং রিজার্ভ মুদ্রা সরবরাহ ২৫ দশমিক ২ শতাংশ থেকে ১২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ১৩ শতাংশে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।পাশাপাশি নগদ জমা ও তরল সম্পদ রক্ষণের হারসমূহ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়ানোর কথা রয়েছে। এই কৌশলগুলোর প্রভাব মধ্য আগস্ট থেকে প্রতিফলিত হতে পারে বলে উন্নয়ন অন্বেষণ মনে করে।তবে প্রতিষ্ঠানটি এও মনে করছে যে গড় ভোক্তা মূল্যস্ফীতির হার ২০০৯-২০১০ অর্থবছরের জন্য সাড়ে ৬ শতাংশের ঊর্ধ্বসীমা অতিক্রম করে ৭ দশমিক ২ শতাংশে উপনীত হতে পারে। তাই এ বছর মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে দাঁড়াবে।উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ উপাত্ত অনুসারে মে মাসের মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। আর মে মাসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ।উন্নয়ন অন্বেষণের পর্যালোচনায় বাংলাদেশের মূল্যস্ফীতির একাধিক উৎস উল্লেখ করা হয়েছে। এগুলো হলো: উপকরণের দাম বৃদ্ধি, প্রধান আমদানিকারক দেশগুলোয় ঊর্ধ্বমুখী মূল্য চাপ, গ্যাস, তেলসহ বিদ্যুতের ক্ষেত্রে দাম বাড়ার প্রত্যাশিত চাপ, টাকার অবমূল্যায়ন ও প্রবাসী আয়ের উচ্চ প্রবাহ।প্রতিষ্ঠানটি আশঙ্কা করছে, টাকার ক্রমবর্ধমান মূল্যহ্রাস এবং উচ্চ হারে প্রবৃদ্ধি যদি আমদানির প্রবৃদ্ধির মাধ্যমে সমন্বয় করা না হয়, তাহলে তা তারল্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও বেশি নাজুক করে দিতে পারে।উন্নয়ন অন্বেষণ আরও মনে করে, সরকারের সম্প্রসারণমূলক রাজস্ব ব্যয়ের সঙ্গে সংকুচিত মুদ্রানীতির কৌশল ও এ সংক্রান্ত হাতিয়ারগুলো এমনভাবে ব্যবহার করতে হবে যেন এর প্রভাব অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বদলে নতুন কোনো অস্থিতির কারণ না হয়ে দাঁড়ায়।