মুনাফা ও ইপিএস কমেছে সোনালি আঁশের
অর্থবছরের প্রথম ছয় মাসে মুনাফা ও শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালি আঁশের। আজ সোমবার লেনদেন শেষে ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত হিসাব অনুযায়ী সোনালি আঁশের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১১ লাখ ৯০ হাজার টাকা এবং ইপিএস ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে এই প্রতিষ্ঠানের কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৪৭ লাখ ১০ হাজার টাকা এবং ইপিএস ছিল এক টাকা ৭৪ পয়সা। এই হিসাবে গত অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে প্রায় ৩৬ লাখ টাকা। একই সময়ে ইপিএস কমেছে এক টাকা ৩০ পয়সা।
এ দিকে আজ ডিএসইতে সোনালি আঁঁশের শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বা আট টাকা বেড়ে সর্বশেষ ১৪২.৫০ টাকায় বিক্রি হয়। প্রতিষ্ঠানটির ইতিবাচক ঘোষণা আসবে এমন প্রত্যাশায় শেয়ারের দাম বাড়ে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।