মুনাফা তুলে নেওয়ার চাপ, নাকি পতন?
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার দরপতন ঘটেছে। কয়েক দিন ধরে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে খুব বেশি উত্থান-পতন ছিল না। সেখানে গতকাল সূচকটি প্রায় ২৪ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও এদিন ৯৭ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে। দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারেরই দাম কমেছে।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক দিনে বাজারে মূল্যসূচকের খুব বেশি উত্থান-পতন না ঘটলেও লেনদেন হওয়া অনেক কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটেছে। এ পর্যায়ে এসে কেউ কেউ মুনাফা তুলে নিতে আগ্রহী হয়ে ওঠেন। কয়েক বছর ধরে বাজারের যে চিত্র তাতে দেখা যাচ্ছে, কিছু মুনাফার দেখা মিললেই বিনিয়োগকারীরা দীর্ঘ সময়ের জন্য ধৈর্য ধারণ করতে চান না। কোনো কোনো শেয়ারে ২ থেকে ৫ শতাংশ মুনাফা হলে তাতেই তা তুলে নিতে ব্যস্ত হয়ে পড়েন। এ কারণে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে গতকালের বাজারে দরপতন ঘটেছে। এর বাইরে দরপতনের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি কেউ।
দরপতন হলেও গতকালের বাজারে যথারীতি দাপুটে অবস্থান ধরে রেখেছে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার। দামের ঊর্ধ্বমুখী অবস্থার পাশাপাশি লেনদেনেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। গত রোববার থেকে ডরিন পাওয়ারের শেয়ারের দামের উল্লম্ফন চলছে। রোববার থেকে মঙ্গলবার—এই তিন দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩০ টাকা বেড়েছে। আর গতকাল দরপতনের দিনে ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ৮০ পয়সা বা প্রায় সোয়া ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১৬ টাকায়। গত এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এ কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম।
ডিএসইতে গতকালও এককভাবে কোম্পানিটির ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তাতে এটি দিন শেষে লেনদেনের শীর্ষস্থানে ছিল।
এদিকে দিনের শুরু থেকে ঢাকার বাজারে গতকাল সূচক ছিল ঋণাত্মক। সূচক ক্রমাগত কমতে থাকায় তাতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। এর ফলে বিক্রির চাপ আরও খানিকটা বেড়ে যায়। একপর্যায়ে প্রধান সূচকটি ৪০ পয়েন্ট কমেও যায়। যদিও দিন শেষে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। সূচকের পাশাপাশি এদিন লেনদেনও কমে ৬০০ কোটির নিচে নেমে এসেছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৫৯১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কম। তবে লেনদেন বেড়েছে চট্টগ্রামের বাজারে। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।
বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত কয়েক বছরের বাজারের গতি-প্রকৃতির কারণে এখন বিনিয়োগকারীরা লাভের দেখা পেলে আর খুব বেশি অপেক্ষা করতে চান না। তাই দেখা যায়, বাজারে কয়েক দিনের মূল্যবৃদ্ধির পরই বিক্রির চাপও বেড়ে যায়। এ ছাড়া ভালো মৌলভিত্তির শেয়ার না হলে বিনিয়োগকারীদের মধ্যে তা ধরে রাখার প্রবণতাও থাকে না। এ কারণে সামান্য মুনাফা হলেই তা তুলে নেন।