মুনাফা তুলে নেওয়ার চাপে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন পর দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার আবারও বড় ধরনের দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল এক দিনেই প্রায় সোয়া দুই শতাংশ বা ৯১ পয়েন্ট কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় দুই শতাংশ বা ২৫০ পয়েন্ট। দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে প্রায় ৮৪ শতাংশের এবং সিএসইতে ৮৫ শতাংশেরই দাম কমে গেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কয়েক দিনের ঊর্ধ্বগতির পর ‘মুনাফা’ তুলে নেওয়ার চাপেই গতকাল বাজারে এ দরপতন ঘটেছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের কিছুটা ওঠানামা থাকলেও দুপুর ১২টার থেকে সূচক একটানা কমতে থাকে। লেনদেনের শেষ পর্যন্ত পতনের এ ধারা অব্যাহত ছিল। শুরুতে বাজারে যে বিক্রির চাপ তৈরি হয় সেটি সামাল দেওয়া সম্ভব হলেও পরবর্তী সময়ে সেই চাপ আর সামাল দেওয়া যায়নি। এ কারণে সূচকের টানা পতন হয়েছে। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ার বিক্রির চাপ থেকেই গতকাল বাজারে দরপতন ঘটেছে। গত কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের অনেকের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়। তাই সকালে বাজার ঊর্ধ্বমুখী হওয়ার পরপরই বিক্রির চাপ বাড়তে পারে। কারণ বেশির ভাগ বিনিয়োগকারীর মধ্যে ‘স্বল্পসময়ের মুনাফা’ তুলে নেওয়ার প্রবণতাটাই বেশি কাজ করছে। তাই মন্দা বাজারে কেউই এই মুনাফা হাতছাড়া করতে চান না।ঢাকার বাজারে বুধবার ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৩০টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক কমে আবারও নেমে এসেছে চার হাজার ২২২ পয়েন্টে। যদিও মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৩০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। বুধবার ডিএসইতে প্রায় ২৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৬ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টিরই দাম কমেছে, বেড়েছে ২৩টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির দাম। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক কমে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৮৫১ পয়েন্টে। আগের দিন এই সূচক ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল। এদিকে, গতকাল ডিএসইর ওয়েবসাইটে কিছুটা জটিলতা দেখা দেয়। এ কারণে লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট অনেক বিনিয়োগকারী ওয়েবসাইটে ডিএসইর হালনাগাদ তথ্য জানতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী সময়ে এ বিষয়ে ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, কারিগরি সমস্যার কারণেই এমনটি হয়েছে।