মুনাফা তুলে নেওয়ার চাপে ফের দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ঊর্ধ্বগতির পর গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে আবারও দরপতন ঘটেছে। বুধবার মুদ্রানীতি ঘোষণার পরপরই পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে এটিকে স্বাগত জানান। কেউ কেউ বলেন, শেয়ারবাজারে ঘোষিত মুদ্রানীতির ইতিবাচক প্রভাব পড়বে। এতে বিনিয়োগকারীদের অনেকে কিছুটা আশাবাদী হয়েছিলেন। অথচ এক দিন পরই বাজারে আবারও দরপতন ঘটায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে কেউ কেউ বলছেন, একশ্রেণীর বিনিয়োগকারীর মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়েছে। তাঁদের মতে, সূচক চার হাজার পয়েন্টের নিচে অবস্থানকালে যেসব বিনিয়োগকারী শেয়ার কিনেছিলেন, তাঁদের মধ্যে গতকাল মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। আর মন্দা বাজারে মুনাফার এ সুযোগ হাতছাড়া করতে চান না কেউ-ই। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১৭ পয়েন্ট কমেছে। তবে দিনভর ডিএসইতে সূচকের বেশ ওঠা-নামা ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৫০ পয়েন্ট কমে দাঁড়ায় ১২ হাজার ৫৮৬ পয়েন্টে। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, দুদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল অনেকেই মুনাফা তুলে নিয়েছেন। ডিএসইতে গতকাল ২৬৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৬টিরই দাম কমেছে, বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ১৯টির দাম। দিনশেষে বৃহস্পতিবার ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ১৬৭ পয়েন্টে। এদিন ডিএসইতে প্রায় ২৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৭ কোটি টাকা বেশি।সিএসইতে গতকাল ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টিরই দাম কমেছে, বেড়েছে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। এদিন সিএসইতে প্রায় ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।