দেশের শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার আবারও মূল্যসূচক কমেছে। বাজার-সংশ্লিষ্টরা এটিকে ‘মূল্য সংশোধন’ বলেই আখ্যায়িত করেছেন। তাঁদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বাজারে শেয়ারের বিক্রির স্বাভাবিক চাপ বেশি ছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৩১ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ৮৬ পয়েন্ট।দিনশেষে দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের পতন ঘটলেও লেনদেনের পুরোটা সময়ই বেশ উত্থান-পতন ছিল। বাজার-সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, গত বুধবার বাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর এই ঘোষণা অনেক সাধারণ বিনিয়োগকারীর প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ওই খাতের শেয়ারের দরপতন ঘটে, যার প্রভাব পুরো বাজারে পড়ে। যোগাযোগ করা হলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের বিজনেস বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারের আচরণ দেখে মনে হচ্ছে, ব্যাংকিং খাতের যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, তাতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন কোনো আগ্রহ তৈরি করতে পারেনি। ফলে ঘোষণার পরও ওই সব শেয়ার কেনার প্রতি বিনিয়োগকারীদের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। বরং যাঁরা ঘোষণাকে সামনে রেখে শেয়ার কিনেছিলেন, তাঁরাও ঘোষণা আসার পরপরই সামান্য লাভ হলেও তা বিক্রি করে দিচ্ছেন।’মূসা আরও বলেন, ‘মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় গতকালের বাজারে দরপতন ঘটেছে। তবে সেটি উল্লেখযোগ্য কোনো পতন ছিল না। বিভিন্ন কোম্পানির সাম্প্রতিক ঘোষণা ও তাতে শেয়ারের দামের যে প্রভাব দেখা যাচ্ছে তাতে মনে হয়, এ বছর কোম্পানিগুলোর করপোরেট ঘোষণা বাজারে খুব একটা প্রভাব ফেলবে না।’মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটের ব্যবধানে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৭০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সেটা কিছুটা নিম্নমুখী হয় এবং দিনভর উত্থান-পতন চলে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ২৫৯ পয়েন্টে। মূল্যসূচক কমলেও ঢাকার বাজারে গতকাল লেনদেন খানিকটা বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে প্রায় ২৭৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল দিন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৩৫৪ পয়েন্টে। দিনশেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি। এদিন সিএসইতে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির দাম কমেছে, বেড়েছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম।