মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় দরপতন
চার দিনের একটানা দরবৃদ্ধির পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি স্বাভাবিক মূল্য সংশোধন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৫৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ কমেছে। ডিএসইর সাধারণ সূচক কমেছে ১ দশমিক ৪১ শতাংশ বা ৫৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ কমেছে। সূচক কমলেও দুই বাজারে লেনদেনে আগের দিনগুলোর ধারাবাহিকতা বজায় ছিল।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনে বাজারে কিছুটা গতি সঞ্চার হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাশাপাশি ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় হয়েছেন। এতে বেশ কিছু শেয়ারের দাম বেড়েছে। অনেকেই তাতে লাভের মুখও দেখেছেন। এ কারণে গতকাল অনেক বিনিয়োগকারীর মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, একক কোম্পানি হিসেবে গতকাল লেনদেনে শীর্ষে ছিল ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। এদিন কোম্পানিটির প্রায় ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ১০ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটির বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। ৪৩ কোটি টাকার মধ্যে ব্লক মার্কেটেই লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকা, আর বাকি আট কোটি টাকার লেনদেন হয়েছে সাধারণ বাজারে।ঢাকার বাজারে এদিন প্রায় ৪০৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি। গত ১৯ ফেব্রুয়ারি পর সিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। সর্বশেষ ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাজারে ৬৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।