মুনাফা বাড়লেও ব্যাংকগুলোর মোট সিএসআর ব্যয় কমেছে
মুনাফা বাড়লেও ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে। ২০১০ সালে যেখানে ব্যাংকগুলো ২৩৩ কোটি টাকা ব্যয় করেছিল। গত বছর তা নেমে এসেছে ২১৯ কোটি টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে প্রায় ১৪ কোটি টাকা।যদিও কেন্দ্রীয় ব্যাংক সিএসআরকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে ব্যাংকের অবস্থাগত মান বা রেটিংয়ে তা বিবেচনায় নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।মোট ৪৭টি ব্যাংকের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি বাণিজ্যিক ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক, বেসরকারি খাতের ২১টি ব্যাংক এবং বিদেশি মালিকানার পাঁচটি ব্যাংক এই খাতে উল্লেখযোগ্য হারে ব্যয় কমিয়েছে।বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গ্রীন ব্যাংকিং, সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) ও মোবাইল ব্যাংকিং সেবা বিষয়ে আয়োজিত এক সেমিনারে গতকাল মঙ্গলবার সিএসআর-বিষয়ক এসব তথ্য উপস্থাপন করা হয়। সেমিনারে ২০১১ সালের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যাংকগুলোর ব্যয়সহ সার্বিক বিষয়ের ওপর প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০১১ সালে ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে নয় হাজার ১২১ কোটি টাকা, আগের বছর যা ছিল আট হাজার ৭৭ কোটি টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে ব্যাংক খাতে নিট মুনাফা বেড়েছে এক হাজার ৪৪ কোটি টাকা।ব্যাংকগুলো সাধারণত নিজেদের মুনাফার নির্দিষ্ট একটি অংশ সিএসআর খাতে ব্যয় করে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুসারে, সিএসআর খাতে ব্যয়ের দিক দিয়ে শীর্ষে থাকা তিনটি ব্যাংক হলো: ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও এক্সিম ব্যাংক। ইসলামী ব্যাংক গত বছর ৪১ কোটি সাত লাখ টাকা ব্যয় করেছে। আগের বছর করেছিল ২৪ কোটি ৮৫ লাখ টাকা। ডাচ্-বাংলা ২০১১ সালে করেছে ৩৪ কোটি ১৮ লাখ টাকা। আগের বছর ছিল নয় কোটি ৬২ লাখ টাকা। আর আগের বছরের তুলনায় ব্যয় কমলেও তৃতীয় অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। ব্যাংকটি গত বছর ১৮ কোটি নয় লাখ টাকা সিএসআর খাতে বিতরণ করেছে। ২০১০ সালে এটি ছিল ২৩ কোটি ২৪ লাখ টাকা।সেমিনারে গভর্নর আতিউর রহমান ব্যাংক খাতে সব ধরনের অব্যবস্থাপনা রোধে ব্যাংকারদের কঠোর হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অনিয়ম দূর করতে প্রধান নির্বাহীদের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার ওপর জোর দিতে হবে। গভর্নরের সভাপতিত্বে সেমিনারে বেশির ভাগ ব্যাংকের প্রধান নির্বাহীরা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, গভর্নরের অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান প্রমুখ উপস্থিত ছিলেন।হলমার্ক কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে গভর্নর বলেন, সব ব্যাংক একটি পরিবারের মতো। একজনের আঘাত লাগলে তার প্রভাব সবার ওপর পড়ে। সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে দেশের ব্যাংকিং খাতে একটু চোট লেগেছে। এ সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। সামনের দিনে আর যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।