মুনাফা বাড়লেও লভ্যাংশ দেয়নি লাফার্জ সুরমা সিমেন্ট
পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা ২০১৩ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি, যদিও এই সময়ে তাদের মুনাফা বেড়েছে।
গতকাল সোমবার বিকেলে কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ২০১৩ সালে লাফার্জ সুরমা সিমেন্টের কনসোলিডেটেড আয় হয়েছে ২৫৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৯ কোটি টাকা বেশি। ২০১২ সালে প্রতিষ্ঠানটির কনসোলিডেটেড মুনাফা হয়েছিল ১৮৫ কোটি টাকা। পাশাপাশি শেয়ার প্রতি আয় বা ইপিএসও বেড়েছে। গত বছর প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে দুই টাকা ১৯ পয়সা, আগের অর্থবছরের চেয়ে ৫৯ পয়সা বেশি। ওই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল এক টাকা ৬০ পয়সা।
আগামী ১০ জুন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।