মুনাফা বেড়েছে ওয়ালমার্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রিটেইলার বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের মুনাফা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
দেশে পণ্য বিক্রিতে মন্থর প্রবণতা এবং বহির্বিশ্বে ভোক্তা ব্যয় সংকুচিত হওয়ার পরিস্থিতিতেও বিশ্বের বৃহত্তম এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের আয় বাড়ল।
গত মে থেকে জুলাই পর্যন্ত তিন মাসে এই প্রতিষ্ঠানের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৬২০ কোটি মার্কিন ডলার। আর মুনাফা হয়েছে ৪০৭ কোটি ডলার। গত বছরের একই সময়ে আয় ও মুনাফার পরিমাণ ছিল যথাক্রমে ১১ হাজার ৩৫০ কোটি ডলার ও ৪০২ কোটি ডলার। গতকাল বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে কোম্পানিটি।
তবে বিশ্লেষকেরা আশা করেছিলেন, আলোচ্য সময়ে ওয়ালমার্টের আয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে ১১ হাজার ৮৬০ কোটি ডলার।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়ও প্রায় প্রত্যাশার কাছাকাছি হয়েছে, বা মাত্র এক সেন্ট কম। তারা যেখানে শেয়ারপ্রতি আয় ১ দশমিক ২৫ ডলার আশা করেছিল, সেখানে তা হয়েছে ১ দশমিক ২৪ ডলার।
এদিকে গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে ওয়ালমার্টের প্রতিটি শেয়ারের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ৭৪ দশমিক ২১ ডলারে নেমে আসে।
ওয়ালমার্ট আশা করছে, চলতি ২০১৩ সালে তাদের নিট বিক্রি ২ থেকে ৩ শতাংশ বাড়বে। এর আগে অবশ্য তারা ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছিল। সূত্র: এএফপি