মুনাফায় ঊর্ধ্বগতি সিমেন্ট খাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমেন্ট
সিমেন্ট

আবাসন শিল্পে দীর্ঘদিন ধরে মন্দা অবস্থা বিরাজ করছে। তা সত্ত্বেও নির্মাণসামগ্রী হিসেবে দেশীয় সিমেন্টের চাহিদা বাড়ছে। সেই সঙ্গে সিমেন্ট কোম্পানিগুলোর মুনাফাও ঊর্ধ্বমুখী।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের সাতটি কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে মুনাফার এ চিত্র পাওয়া গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময় পর্যন্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী সাতটি সিমেন্ট কোম্পানির মধ্যে পাঁচটিরই আয় ও মুনাফা বেড়েছে। আর জুলাই-জুন পুরো বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী বাকি দুটি কোম্পানির আয় ও মুনাফা উভয়ই ছিল ঊর্ধ্বমুখী।
আবাসন খাতের মতো বড় একটি খাতে মন্দা অবস্থার মধ্যেও সিমেন্ট কোম্পানিগুলোর এমন সাফল্যে এ খাতের উদ্যোক্তারা বেশ আশাবাদী। তাঁরা বলছেন, আবাসন খাতে দেশীয় সিমেন্টের চাহিদা খুব বেশি নয়। তাই এ খাতের মন্দাভাব সিমেন্টের বাজারে তেমন কোনো প্রভাব ফেলেনি।
জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিরুল হক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত সিমেন্টের বেশির ভাগ ব্যবহার হয় বেসরকারি ও গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডে। মোট উৎপাদনের ৭০ শতাংশই ব্যবহার হয় এসব কর্মকাণ্ডে। ২০ থেকে ২৫ শতাংশ সিমেন্ট ব্যবহার হয় সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে। আবাসন খাতে দেশীয় সিমেন্টের ব্যবহার উৎপাদিত সিমেন্টের ১০ শতাংশের মতো। তাই আবাসন খাতে মন্দাভাব বিরাজ করলেও তার কোনো প্রভাব সিমেন্টের চাহিদার ওপর পড়েনি।’
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দেওয়া অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (অর্ধবার্ষিকী) অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্ট চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কর-পরবর্তী মুনাফা করেছে প্রায় তিন কোটি ১৬ লাখ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৮৬ পয়সা। আগের বছরের (২০১২ সাল) একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল প্রায় দুই কোটি ৬০ লাখ টাকা। আর ইপিএস ছিল এক টাকা ৫৩ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানির মুনাফা বেড়েছে প্রায় ১৮ শতাংশ।
একইভাবে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের মুনাফা প্রায় সাড়ে ৫ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের প্রায় পৌনে ৫ শতাংশ, লাফার্জ সুরমা সিমেন্টের ৪২ শতাংশ ও মেঘনা সিমেন্টের মুনাফা ৮ শতাংশের বেশি বেড়েছে।
এ ছাড়া তালিকাভুক্ত অপর দুই কোম্পানি এমআই সিমেন্ট (ক্রাউন) ও প্রিমিয়ার সিমেন্ট অর্থবছরের সঙ্গে মিল রেখে হিসাববছর গণনা করে। সেই হিসাবে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে কোম্পানি দুটি অর্ধবার্ষিক হিসাব শেষ করে। তাতে দেখা যায়, ২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে এমআই সিমেন্টের কর-পরবর্তী মুনাফা ছিল ২৮ কোটি ৮১ লাখ টাকা। ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৯৪ পয়সা। ২০১১ সালের একই সময়ে এ মুনাফা ও ইপিএসের পরিমাণ ছিল যথাক্রমে ২৭ কোটি ২৬ লাখ টাকা ও এক টাকা ৮৪ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। একই সময় ধরে হিসাববছর গণনাকারী অপর প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্টের মুনাফা বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। জানা গেছে, এ সময়ের মধ্যে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বেড়েছে। তাই বড় মুনাফা হয়েছে।
তবে মুনাফা বাড়লেও শেয়ারবাজারের নিম্নমুখী ধারার কারণে সিমেন্ট খাতের শেয়ারের দামে তেমন কোনো প্রভাব পড়েনি।
সিমেন্ট খাতে চাহিদা বাড়ায় এ মুনাফা বৃদ্ধি হয়েছে বলে মনে করেন এমআই (ক্রাউন ব্র্যান্ড) সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিনি অবশ্য আরও কয়েকটি কারণে মুনাফা বৃদ্ধি হয়েছে বলে মত দেন। প্রথম আলোকে তিনি বলেন, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে টাকা কিছুটা শক্তিশালী হয়েছে। প্রতি ডলারের বিপরীতে টাকার মূল্যমান বেড়েছে চার থেকে পাঁচ টাকা। পাশাপাশি বিশ্ববাজারে সিমেন্টের কাঁচামালের খুব বেশি দর বৃদ্ধি ঘটেনি। এ ছাড়া রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ এলাকায় অবকাঠামো উন্নয়নে সিমেন্টের চাহিদা বেড়েছে। এসব কারণে আগের বছরের চেয়ে মুনাফা বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের প্রথমার্ধে দেশে সিমেন্টের চাহিদা বেশি থাকে। সে তুলনায় শেষার্ধে চাহিদা কমে যায়।