মুনাফায় কর প্রত্যাহার চান বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে চূড়ান্ত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় আরোপ করা কর প্রত্যাহার চায় বিনিয়োগকারীদের সংগঠন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য। একই সঙ্গে করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এই সুপারিশ করেছে তারা।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় করারোপ করা হয়েছে। অর্জিত মুনাফা ১০ লাখ টাকার বেশি হলে তার ওপর ৩ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে মুনাফা ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেন তিনি।
উপরোক্ত দাবিসহ মোট ১০ দফা সুপারিশ করেছে সংগঠনটি। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো: পুঁজিবাজারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া; ঘন ঘন আইপিও, আরপিও, রাইট ইস্যু বন্ধ করা; ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারে থাকা কোম্পানিগুলো দ্রুত মূল বাজারে ফিরিয়ে আনা; আইপিও, আরপিও, রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা তদারকি করা; পুঁজিবাজারের ওপর বাংলাদেশ ব্যাংকের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা; সম্প্র্রতি বাংলাদেশ ব্যাংক যে সিআরআর বাড়িয়েছে তা কমানো; দ্রুত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ও বাইব্যাক আইন প্রণয়ন করা।
পুঁজিবাজার সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি মো. রুহুল আমিন আকন্দ বলেন, ‘আমরা বিএসইসির কাছে ১০ দফা সুপারিশ দিয়েছি। আশা করছি, সুপারিশগুলো সরকার বিবেচনা করবে, যার প্রতিফলন আমরা চূড়ান্ত বাজেটে দেখতে পাব।’