>রানা প্লাজা ধসের ঘটনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার নেতৃত্বে গঠিত সমন্বয় কমিটি গত মাসে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি সম্পন্ন করেছে। তবে শ্রমিকনেতাদের অনেকেই এটিকে ক্ষতিপূরণ না বলে অর্থ-সহায়তা বলছেন। ক্ষতিপূরণের পাশাপাশি শ্রমিক অধিকার নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের হার নির্ধারণে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির একটি উপকমিটির প্রধান এম এম আকাশ এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার

প্রথম আলো: রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে সমন্বয় কমিটি। শ্রমিকনেতারা এটিকে ইতিবাচক বললেও ক্ষতিপূরণ বলতে নারাজ। তাঁরা এটিকে অর্থ-সহায়তা বলছেন। কারণ দায়ী ব্যক্তিরা ক্ষতিপূরণ দেননি। এ বিষয়ে আপনার মতামত কী?
এম এম আকাশ: রানা প্লাজা ধসের পর আদালত ক্ষতিপূরণ নির্ধারণের জন্য একটি কমিটি করে দিয়েছিলেন। সে সময় আদালত চিহ্নিত করেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়। ভবনে ফাটল পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবনটি ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা তাঁদের দায়িত্ব পালন করেননি। ভবনের মালিক সোহেল রানা জানতেন, এটি ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তারপরও তিনি ব্যবস্থা নেননি। আবার কারখানা মালিক ভবনে ফাটল থাকার পরও শ্রমিকদের জোর করে কাজ করিয়েছেন। তার মানে এখানে অপরাধ সংঘটিত হয়েছে। এসব অভিযোগে আদালতে মামলা বিচারাধীন আছে। এটি ঠিক যে দুই বছরের বেশি সময় পার হয়ে গেছে। তারপরও অর্থ-সহায়তা ক্ষতিপূরণের সমাধান হবে না। বিচারিক প্রক্রিয়া মীমাংসা হতে হবে এবং সেটি চালু আছে।
প্রথম আলো: শ্রমিক সংগঠনগুলো ক্ষতিপূরণের একটি আন্তর্জাতিক মানদণ্ড দাবি জানিয়ে আসছে। তাঁদের অভিযোগ, মালিকপক্ষ কখনোই চায় না ক্ষতিপূরণের বিষয়ে আইনি কোনো বাধ্যবাধকতা তৈরি হোক। মালিকদের এই মনোভাব কি শিল্পের জন্য ক্ষতিকর নয়?
এম এম আকাশ: এটি শুধু ক্ষতিকর নয়, বরং আত্মহত্যামূলক। তৈরি পোশাকশিল্প এখন আর কোনোভাবেই স্থানীয় ব্যবসা নয়। এটি আন্তর্জাতিক ব্যবসা। ফলে যারা বৈশ্বিক মান বজায় রাখতে পারবে, তারাই এই খেলায় টিকে থাকতে পারবে। বাংলাদেশকে যদি পোশাক রপ্তানিতে এক নম্বর হতে হয় তাহলে এগুলো অবশ্যই মানতে হবে। বাংলাদেশ এখন যদি শিক্ষানবিশ পর্যায়ে থাকত তবে ফাউল করলেও মাফ পেয়ে যেত। কিন্তু এখন পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। তাই সব মেনেই খেলতে হবে, না হলে আউট হয়ে যেতে হবে।
প্রথম আলো: শ্রমিক অধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা ইস্যুতে অনেক মালিকই এখনো ততটা সচেতন নন। কেন এমনটা হচ্ছে?
এম এম আকাশ: বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক ধরনের পোশাক কারখানা দেখা যায়। এক. উন্নত কর্মপরিবেশ ও উচ্চপ্রযুক্তির কারখানা। শ্রমিক ঠকানোর বদনাম তাদের বিরুদ্ধে নেই। দুই. ঠিকা কাজ বা সাবকন্ট্রাক্টিং ফার্ম। তারা সরাসরি কার্যাদেশ পায় না। তাদের যুক্তি, মুনাফার একটি অংশ অন্যদের দিয়ে দিতে হয়। তিন. অতিমুনাফালোভী কারখানা। সুযোগ থাকলেও তারা কমপ্লায়েন্ট কারখানা করতে রাজি না। বিজিএমইএর উচিত এই মুনাফালোভীদের কমপ্লায়েন্স মানতে বাধ্য করা। আর কম পুঁজির কারখানাগুলোকে সাহায্য করা। তবে দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করে বিজিএমইএ এসব করছে না। অন্যদিকে সরকারের মধ্যেও সুশাসন নেই যে যারা কমপ্লায়েন্স মানছে না তাদের শাস্তি ও দুর্বলদের সুরক্ষা দেবে।
সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার