মুনাফায় কর প্রত্যাহারে চাঙা শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ রোববার চাঙাভাব লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ২ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে দেড় শতাংশের বেশি। পাশাপাশি লেনদেন বেড়েছে দুই বাজারে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় যে কর আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করায় বাজারে এর প্রভাব পড়েছে। এর প্রভাবে দিনের শুরু থেকে চাঙাভাবে লেনদেন চলে। দিন শেষে তা অব্যাহত থাকে।

গতকাল শনিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কর প্রত্যাহারের ঘোষণা দেন।

৫ জুন অর্থমন্ত্রী ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফার ওপর করারোপের প্রস্তাব করেন। বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা ১০ লাখ থেকে ২০ লাখ টাকা হলে ৩ শতাংশ হারে এবং ২০ লাখের বেশি হলে ৫ শতাংশ হারে করারোপের প্রস্তাব করেছিলেন আবুল মাল আবদুল মুহিত।

গতকাল জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারের বিকাশ ও বিনিয়োগকে উত্সাহিত করার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল করা, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি করা এবং ৩০ শতাংশ বা অধিক লভ্যাংশ প্রদানকারী তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রদেয় করের ১০ শতাংশ আয়কর রেয়াত প্রদানের প্রস্তাব বিবেচনার জন্য মহান সংসদকে অনুরোধ করছি।’

প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় করারোপ করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) পক্ষ থেকে এ কর প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীদের অর্জিত মুনাফায় কর প্রত্যাহার করায় বাজার ইতিবাচক সাড়া দিয়েছে। এ  জন্য প্রধানমন্ত্রী সাধুবাদ যোগ্য। বাজারে প্রতি প্রধানমন্ত্রীর সুনজর আজে এটা তারই প্রমাণ। তবে উত্থান-পতনের মধ্যে সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি।

ডিএসইতে সূচক বেড়েছে ৭৭ পয়েন্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৮৭ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

গত বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক বেড়েছিল ৫ পয়েন্ট।

ডিএসইতে আজ ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৬টিরই দাম বেড়েছে, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৩৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বৃহস্পতিবারের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এ বাজারে ৩০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল, বিএসসি, অ্যাপোলো ইস্পাত প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।

সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ২১৭ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮২০ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টিরই দাম বেড়েছে, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।