মুনাফায় বাংলালিংক, বিনিয়োগ বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাক্ষাৎকারে বাংলালিংকের মূল বিনিয়োগকারী ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ইভস সার্লিয়ার
সাক্ষাৎকারে বাংলালিংকের মূল বিনিয়োগকারী ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা জন ইভস সার্লিয়ার

বাংলাদেশে বিনিয়োগের ১১ বছরের মাথায় এসে ২০১৬ সালে প্রথম মুনাফা করেছে মুঠোফোন অপারেটর বাংলালিংক। মুনাফার এ ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের মানুষকে আরও উন্নত টেলিযোগাযোগ সেবা দিতে আগামী তিন বছরে নতুন করে আরও আট হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে অপারেটরটি।

প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ইভস সার্লিয়ার। নতুন বিনিয়োগের ঘোষণা দিতে সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। সাক্ষাৎকারে তিনি বাংলালিংকের ব্যবসা, ফোরজি সেবা চালু, তরঙ্গ নিলাম, বিনিয়োগ পরিবেশসহ টেলিযোগাযোগ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ভিওন হলো একটি বহুজাতিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। এটি এত দিন ভিম্পেলকম নামে পরিচিত ছিল, যা গত বছর পরিবর্তন করে ভিওন করা হয়। ১২টি দেশে বর্তমানে ভিওনের কার্যক্রম রয়েছে।

জন ইভস সার্লিয়ার বলেন, উন্নয়নশীল বিশ্বের যেসব দেশে ভিওনের বিনিয়োগ আছে, তার মধ্যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশাল তরুণ জনগোষ্ঠী, বিকাশমান মধ্যবিত্তের কারণে বাংলালিংক ধারাবাহিকভাবে বাংলাদেশে ভালো করেছে এবং আরও ভালো করার সুযোগ আছে। এ জন্য বাংলাদেশে আগামী তিন বছরে বাংলালিংকের মাধ্যমে এক বিলিয়ন ডলার বা আট হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় ভিওন। নেটওয়ার্ক উন্নয়ন, তরঙ্গ কেনা ও ডিজিটাল সেবার সম্প্রসারণে এই অর্থ বিনিয়োগ করা হবে। এতে বাংলালিংকের তিন কোটির বেশি গ্রাহক আরও উন্নত মানের ডিজিটাল সেবা পাবেন।

বাংলাদেশে চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগ সেবা চালুর জন্য তরঙ্গের যে দাম নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে জন ইভস সার্লিয়ার বলেন, ফোরজি সেবা বাংলাদেশে কতটুকু সম্প্রসারিত হবে এবং তরঙ্গের দাম কত হবে, এ বিষয়ে একটি ভারসাম্য থাকা দরকার। ইউরোপ ও এশিয়ার অনেক দেশের সঙ্গে তরঙ্গের দাম যে নির্ধারণ করা হয়েছে, তা অনেক বেশি। ইউরোপে গড়ে মেগাহার্টজপ্রতি তরঙ্গের দাম ৮০ কোটি টাকা, এশিয়ায় তা ১৩৫ কোটি টাকা। তবে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সমাধানে আসা সম্ভব।

প্রস্তাবিত তরঙ্গ নীতিমালায় মুঠোফোন অপারেটরদের পুঁজিবাজারে আসার শর্তের বিষয়ে জন ইভস সার্লিয়ার বলেন, বাংলালিংক বাংলাদেশের সরকার-নির্ধারিত সব ধরনের নিয়ম মেনে ব্যবসা করতে চায়। পুঁজিবাজারে যাওয়ার শর্ত থাকলে সেটি অবশ্যই বাংলালিংক পূরণ করার চেষ্টা করবে। তবে পুঁজিবাজারে যেতে একটি প্রতিষ্ঠানকে লাভজনক অবস্থায় থাকতে হয়। বাংলাদেশে এখন পর্যন্ত বাংলালিংকের পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ ৪ হাজার ৪০০ কোটি টাকা। শুধু গত বছর বাংলালিংক ২৮০ কোটি টাকা মুনাফা করেছে।

এত ক্ষতির পরও ভিওন নতুন করে কেন বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে, এমন প্রশ্নের উত্তরে জন ইভস সার্লিয়ার বলেন, ‘টেলিযোগাযোগ খাতে সব সময়ই দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে হয়, ভিওন বাংলাদেশে তাই করেছে। এখন দেখা যাচ্ছে, বাংলালিংক মুনাফা করতে শুরু করেছে। মুনাফার সেই ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে ভিওন। তবে বিনিয়োগের জন্য বাংলাদেশে বিনিয়োগ সহায়ক একটি পরিবেশ তৈরি করতে হবে। সরকার, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আমরা এ বিষয়ে নিবিড়ভাবে কাজ করতে চাই।’