মুন্সিগঞ্জে যাবে পুরান ঢাকার প্লাস্টিক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকা এবং এর আশপাশে অপরিকল্পিতভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা প্লাস্টিক কারখানাগুলো মুন্সিগঞ্জে স্থানান্তর করা হবে। এ জন্য মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা হবে একটি প্লাস্টিক শিল্পনগরী। এতে আধুনিক সব সুবিধা থাকবে। প্রকল্পটিতে ব্যয় হবে ১৩৩ কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ শীর্ষক এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত।
ঢাকায় শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
এই বিসিক প্লাস্টিক শিল্পনগরীতে ৩৬০টি শিল্প ইউনিট স্থাপনের অবকাঠামো তৈরি করা হবে। প্রকল্প এলাকাটি রাজধানীর জিরো পয়েন্ট থেকে সাড়ে ১৬ কিলোমিটার দূরে দ্বিতীয় ধলেশ্বরী সেতুর কাছে ও ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত। শিল্পনগরীটি গড়ে তোলা হবে ৫০ একর জমির ওপর।
বর্তমানে দেশে ৫ হাজার ৩০টি প্লাস্টিক কারখানা রয়েছে। এসব কারখানার অধিকাংশই ব্যক্তিমালিকানাধীন। কারখানাগুলোর মধ্যে ৫০টি বড়, ১ হাজার ৪৮০টি মাঝারি এবং প্রায় সাড়ে তিন হাজারটি ক্ষুদ্র আকারের। আবার ৮০ শতাংশ প্লাস্টিক কারখানাই ঢাকা ও এর আশপাশে অবস্থিত। আর ক্ষুদ্র কারখানার ৯০ শতাংশই পুরান ঢাকায়।
এ প্রকল্প সম্পর্কে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্লাস্টিক শিল্প-কারখানা ঢাকায় থাকলে শহর নোংরা হবে। যেখানে প্লাস্টিক কারখানা, সেখানেই অপরিষ্কার থাকে। তবে সারা বিশ্বেই প্লাস্টিকশিল্প একটি বড় খাত বলে তিনি উল্লেখ করেন।
মুস্তফা কামাল আরও বলেন, ‘নতুন শিল্পনগরীতে কারখানা স্থানান্তরের বিষয়ে প্লাস্টিকশিল্পের মালিকদের সঙ্গে বসব। তাঁদের বোঝাব, সেখানে গেলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে। কিছু কারখানা গেলে তাদের সুবিধা দেখে অন্যরাও সেখানে যাবে।’
জানতে চাইলে প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সাবেক সহসভাপতি কে এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, পুরান ঢাকা থেকে প্লাস্টিক কারখানা মুন্সিগঞ্জে স্থানান্তরের উদ্যোগটি ভালো। কিন্তু প্লাস্টিক শিল্পনগরীতে যত প্লট হবে, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এসব প্লটের আকার ৪ থেকে ৬ কাঠা। কিন্তু রপ্তানিমুখী প্লাস্টিক পণ্যের কারখানা করতে এক থেকে তিন বিঘা জায়গা লাগে। তাই বড় কারখানাগুলো সেখানে স্থানান্তর করা সম্ভব হবে না।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় ২ হাজার ৩৭ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২ হাজার ১১ কোটি টাকা। আর বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ২৫ কোটি ৪৬ লাখ টাকা। একনেক সভা শেষে এসব প্রকল্প সম্পর্কে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের অবহিত করেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ৮০০ কোটি টাকায় পল্লি অঞ্চলে পানি সরবরাহ; ৮৫ কোটি টাকায় ডেলিভারি সেবা দ্রুতকরণ; ৪৪ কোটি টাকায় এসবি/সিআইডি ভবনের সপ্তম থেকে ১১তম তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ; ৬১৫ কোটি টাকায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ; ২৯৮ কোটি টাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত প্রকল্প) এবং ৬২ কোটি টাকায় ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব রিসোর্সেস ফর পভার্টি এলিভিয়েশন থ্রো কম্প্রিহেনসিভ টেকনোলজি প্রজেক্ট।
এ ছাড়া সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনের অভ্যন্তরে রাষ্ট্রপতির রেসিডেন্স ব্লক-সংলগ্ন পূর্ব দিকে সুইমিংপুল স্থাপন প্রকল্প বিষয়েও একনেক সভাকে অবহিত করা হয়েছে।