মুন্সিগঞ্জে হবে প্রথম মুদ্রণ শিল্পনগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে হচ্ছে মুদ্রণ শিল্পনগরী। এ জন্য ১৪০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এতে ৩৮৫ প্লট তৈরি করা হবে। আর কর্মসংস্থান হবে ১৫ হাজার ২০০ লোকের।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিসিক মুদ্রণ শিল্পনগরী প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
২০১৮ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প প্রস্তাবে বলা হয়, সারা দেশে সাড়ে পাঁচ হাজার মুদ্রণশিল্প আছে, যার মধ্যে তিন হাজারটি ঢাকায়। প্রায় ৭০ শতাংশ মুদ্রণশিল্প ঢাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে, যা পরিবেশ বিপর্যয় ও দূষণের সৃষ্টি করছে। প্রায় ৫০ একর জমির ওপর মুন্সিগঞ্জে নতুন মুদ্রণ শিল্পনগরী গড়ে উঠবে।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘সব শিল্পই ঢাকায় গড়ে উঠছে। আমরা সব শিল্পের জন্য পৃথক পৃথক শিল্পনগরী তৈরি করতে চাচ্ছি। এতে ওই সব শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে।’
গতকালের একনেকে ২৩৯ কোটি টাকার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন এবং ২৩৮ কোটি ৪৮ লাখ টাকার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ—এ দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেক সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের সময় বর্জ্য ব্যবস্থাপনা ও জলাশয় রাখার নির্দেশ দেন।
পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, কক্সবাজারে একটি অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ তিনটিসহ গতকালের একনেক সভায় মোট ১ হাজার ৪৪২ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৯৫৩ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪৬৩ কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থা নিজে দেবে ২৫ কোটি টাকা।