মুন্সিগঞ্জেও একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে জমি অধিগ্রহণে ২৮৩ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলা সদর ও গজারিয়া উপজেলায় এ বিদ্যুৎকেন্দ্র হবে।
গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে ৩০০ একর জমি অধিগ্রহণের কাজ শেষ হবে। জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে পুনর্বাসন করা হবে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় প্রায় ৯৮৮ কোটি টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৯৭৪ কোটি ৩১ লাখ টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে ১৩ কোটি ৪৯ লাখ টাকা।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো ৩৭৪ কোটি ৫১ লাখ টাকার পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দিঘি, জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার; ৭৬ কোটি ৬৩ লাখ টাকার রংপুর বিভাগীয় সদর দপ্তর নির্মাণ; ১০২ কোটি ৬৬ লাখ টাকার রূপগঞ্জ জলসিঁড়ি আবাসন সংযোগকারী সড়ক উন্নয়ন এবং ১৫০ কোটি ৭১ লাখ টাকার ঢাকা সেনানিবাস ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) জন্য আনুষঙ্গিক কাজসহ অফিসার্স মেস কমপ্লেক্স ও বাসস্থান নির্মাণ প্রকল্প।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। পরিকল্পনা কমিশন বিলুপ্ত হওয়ার প্রস্তাব সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিকল্পনা কমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া প্রতিষ্ঠান। এটিকে সমুন্নত রাখা এবং আরও সমুজ্জ্বল করা আমাদের দায়িত্ব।’ তিনি মনে করেন, পরিকল্পনা কমিশন বিলুপ্ত নয়, বরং এটি আরও কীভাবে শক্তিশালী করা হবে, সেটা বিবেচনায় রাখা উচিত।